বইমেলায় বিদায়ের সুর
বাজছে বিদায়ের সুর, একদিন পরেই পর্দা নামবে অমর একুশে গ্রন্থমেলার।
মঙ্গলবার রাতে ভাঙবে পাঠক-প্রকাশকের এই মিলনমেলা;
তবে এই বিদায়ের সুরের সঙ্গে মিশে আছে আনন্দও। মেলার শেষ সময়ে আরেকটি ঘোষণা হাসি ফুটিয়েছে প্রকাশকদের মুখে। মঙ্গলবার অর্থাৎ শেষ দিন মেলা শুরু হবে বেলা ১১টা থেকে, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
প্রকাশকদের দাবির মুখে রোববার সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এই ঘোষণা দেন। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার মেলায় ছিল ভিড়ের মধ্যে কেনাকাটার ধুম। বই কেনার এই ধারবাহিকতা বজায় থাকবে মেলার শেষ দিনটি পর্যন্ত। এখন মেলায় যারা আসছেন তারা সবাই বইয়ের ক্রেতা। তাই হাতে হাতে ব্যাগে ব্যাগে শুধু বই আর বই।
এদিন মেলায় বই কিনতে এসেছিলেন সাংবাদিক লুৎফুর রহমান সোহাগ। তিনি বলেন, “মেলায় আসার জন্য মন পড়ে থাকে। কিন্তু কাজের চাপে আসা হয় না। তাছাড়া মেলার শেষভাগে এসে নতুন বই সবগুলো পাওয়া যায়।”
ফারহানা হক কান্তা এসেছিলেন রাজধানীর ভাটারার কোকাকোলা এলাকা থেকে।
“মেলার শেষভাগে এসে ভিড় ঠেলে প্রিয় বই কেনার মজা অন্যরকম। অনেক লেখকের বই একটু দেরিতে এসেছে। খবর নিয়ে আজ চলে এলাম। সব ধরনের বই কিনব। গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, কবিতা, অনুবাদ আর ভালো হলে প্রবন্ধও।”
বইমেলা প্রাঙ্গণে বিপিএল স্টল থেকে বই কিনতে এসেছিলেন সুরঞ্জনা নাথ, সঙ্গে ছোট্ট মেয়ে অঞ্জলি। নদী-নালা, আর জঙ্গলের ছবি দেখে সে বেছে নিল মুস্তাফিজ মামুনের ‘ঘুরে বেড়াই’ বইটি। অনুবাদপ্রিয় মা কিনে নিলেন স্যার জেমস ফ্রেজারের ‘গোল্ডেন বাউ’ বইটি, সঙ্গে ঝুলিতে গেল ‘প্রিয় নায়িকা’ কবরীর ‘স্মৃতিটুকু থাক’ আত্মজৈবনিক বইটিও।
বই কেনা হল, ঘুরে দেখা হল মেলাপ্রাঙ্গনও। বিকালের জলখাবার শেষে পাঠকদের কেউ বসে পড়লেন মূল মঞ্চের সামনেও। বই কেনা, গান শোনা, লিটল ম্যাগ চত্বরের জমাটি আড্ডায় ডুব দিলেন পাঠকদের কেউ কেউ। বইয়ের ধরন, মান আর লেখকের গুণাগুণ নিয়ে সেখানে চলছিল তর্কাতর্কি।
নিজের পছন্দের বইটি কিনে খুব রাতে ঘরে ফেরা পাঠক হাসনাত শাহীন বলে গেলেন, “দেখতে দেখতে মেলা শেষ হয়ে গেল। বইয়ের গন্ধে মৌ মৌ করছিল বাংলা একাডেমি। মেলার রেশ থেকে যাবে অনেকদিন।”
মেলায় নেতিবাচক কিছু ‘দেখেননি’ সংস্কৃতিমন্ত্রী
সোমবার বিকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে কথা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “এবারের মেলায় নেতিবাচক কিছু দেখেনি। বইয়ের দাম ও খাবারের মান ইত্যাদি নিয়ে দর্শনার্থী ও পাঠকদের সন্তুষ্টি দেখেছি।”
তিনি জানান, মেলা শেষে বাংলা একাডেমি, প্রকাশক, আইন শৃঙ্খলা বাহিনীও প্রকাশকদের মতামত নিয়ে আগামী গ্রন্থমেলাকে নতুন আঙ্গিকে সাজানো হবে।
মেলার পরিসর বাড়ানো সম্পর্কে মন্ত্রী বলেন, “গতবারের মেলায় পরিসর বড় করে মানুষকে অযথা হাঁটতে হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে এটাকে আরো বিজ্ঞানসম্মত করা হবে। এই চিন্তা মাথায় রেখে আমাদের ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার কাজ করবে যাতে খুব বেশি হাঁটাহাঁটি না করে সম্পূর্ণ মেলা পরিদর্শন করা যায়।”
মেলায় প্রকাশনার মান নিয়ে নিয়ে তিনি বলেন, “অপ্রকাশকদের নিয়ে সমস্যাটা রয়েই গেছে। সংখ্যা বাড়ানোর চেয়ে মানসম্মত বই প্রকাশের দিকে আমাদের নজর দেওয়া উচিত। ”
জমজমাট লিটল ম্যাগ চত্বর
বাংলা একাডেমির বহেড়াতলায় লিটল ম্যাগাজিন বা ছোট কাগজের চত্বর পাঠকের আনাগোনায় ছিল বেশ জমজমাট। মেলার শেষভাগে এসে পাঠকের ভিড় বেড়েছে বহেড়াতলায়।এ বছর বহেড়াতলায় বসেছে ১১০টি লিটল ম্যাগাজিন।
লিটল ম্যাগের নিয়মিত পাঠক বেসরকারি একটি কলেজের প্রভাষক মোস্তফা আমিন বলেন, “বইমেলার এই চত্বরটিতে যাদের আনাগোনা, তাদের চিন্তার জায়গাটিও কিছুটা ভিন্ন। যারা আপসকামিতায় বিশ্বাস করেন না, সত্য কথাটা চট করে বলে ফেলতে পারেন, তারাই লিটল ম্যাগ বা ছোট কাগজে লেখেন।”
খড়িমাটির সম্পাদক মনিরুল মনির বললেন, “অনেকে যারা প্রথা ভাঙতে চান, বড় কাগজে লেখেন না বা সুযোগ পান না, তারাও এখানে সক্রিয়। নিজেরাই নিজেদের কাগজটি বের করে জানান দিতে চান একান্তই ব্যক্তিগত কিংবা ক্ষুদ্র গোষ্ঠীর স্বতন্ত্র চিন্তাধারা।”
নতুন বইয়ের খবর
গ্রন্থমেলার সাতাশতম দিনে এসেছে ১৫৫টি নতুন বই।
এবার বিপ্লবীদের কথা প্রকাশনা থেকে এসেছে পাঁচটি নতুন বই। বইগুলো হল: ‘ভাষা-আন্দোলনে ইতিহাস বিকৃতি: তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি- আহমদ রফিক’, ‘৭১ (প্রথম খণ্ড)- সম্পাদনা: লক্ষ্মী চক্রবর্তী ও শেখ রফিক’, ‘২১ (প্রথম খণ্ড)’, ‘ক্ষুদিরাম বসু’, এবং ‘প্রীতিলতার আত্মকথা’।
গ্রন্থমেলায় হুমায়ুন আজাদকে স্মরণ
সোমবার বিকালে লেখক-অধ্যাপক হুমায়ূন আজাদকে স্মরণ করেছেন লেখক-পাঠক-প্রকাশকরা। এ সভায় মূল বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গনি।
হুমায়ুন আজাদের হত্যাচেষ্টার বিচার অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান ব্ক্তারা।
হুমায়ূন আজাদের আদর্শে মৌলবাদ-জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতামুক্ত সমাজ-রাষ্ট্র গঠনের মাধ্যমে তাকে স্মরণ করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।
মূল মঞ্চের আয়োজন
সোমবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের প্রকাশনা: গ্রন্থ পরিকল্পনা ও সম্পাদনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন তারিক সুজাত। আলোচনায় অংশ নেন মফিদুল হক, বদিউদ্দিন নাজির এবং খান মাহবুব। সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রকাশক মহিউদ্দিন আহমেদ।
আলোচকরা বলেন, প্রকাশকের বিনিয়োগ সীমাবদ্ধতা, দক্ষ জনশক্তির অভাব ও বাজার অব্যবস্থাপনা প্রকাশনা শিল্পের বিকাশকে ব্যাহত করেছে। একইসঙ্গে বই প্রকাশনার মূলভিত্তি পাঠক-চাহিদা আর পাঠকসংখ্যা বৃদ্ধি না পেলে প্রকাশনার মান রক্ষা করে ব্যয় নির্বাহ করা প্রকাশকের জন্য কঠিন হয়ে পড়বে।
এসব সমস্যার সমাধানকল্পে প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক থাকা একান্ত জরুরি বলে মন্তব্য করেন তারা। সেই সঙ্গে জাতীয় গ্রন্থনীতি ও গ্রন্থাগারনীতি বাস্তবায়নের দাবিও জানান তারা।
গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠান
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর; শুভেচ্ছা ভাষণ দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। গ্রন্থমেলার প্রতিবেদন উপস্থাপন করবেন গ্রন্থমেলা ২০১৭-এর সদস্য-সচিব জালাল আহমেদ।
অনুষ্ঠানে কবি শামীম আজাদ ও লেখক অনুবাদক নাজমুন নেসা পিয়ারিকে বাংলা একাডেমি পরিচালিত ‘সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৬’ প্রদান করা হবে।
এছাড়া অনুষ্ঠানে ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৭’, ২০১৬ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে গুণমান ও শৈল্পিক বিচারে সেরা গ্রন্থের জন্য তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭’, ২০১৬ সালে প্রকাশিত শিশুতোষ গ্রন্থের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৭’ এবং ২০১৭ সালের গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্যে থেকে নান্দনিক স্টল/প্যাভেলিয়ন সজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে ‘কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭’ প্রদান করা হবে।
