রেলপথ মন্ত্রণালয়ে ই-ফাইলিং কার্যক্রম শুরু
রেলপথ মন্ত্রণালয়ে শুরু হল ই-ফাইলিং (নথি) কার্যক্রম।
এর মাধ্যমে মন্ত্রণালয়ের সব কার্যক্রম ই-ফাইলিংয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
বৃহস্পতিবার রেলভবনে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক মন্ত্রণালয়ের ই-ফাইলিং (নথি) কার্যক্রমের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনীতে রেলপথ মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিল। আজ দেশের অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজ করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে, জনগণ অতিদ্রুত সেবা পাচ্ছে।
ডিজিটালাইজেশনের মাধ্যমে দেশ সব ক্ষেত্রে এগিয়ে চলেছে মন্তব্য করে মুজিবুল হক বলেন, দেশব্যাপী সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ রেলপথ মন্ত্রণালয়েও এটি চালু করা হল।
এর মাধ্যমে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।
এ টু আই প্রকল্পের অধীনে সরকারি অফিসগুলোতে ই- ফাইলিং কার্যক্রম চলমান আছে। এর মাধ্যমে দেশের যেকোনো নাগরিক অনলাইনে মন্ত্রীর কাছে আবেদন বা কোনো চিঠিও পাঠাতে পারবে। এর মাধ্যমে সেবা প্রাপ্তি আরও সহজ হবে। ফাইল বা নথি হারাবে না।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, এ টু আাই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
