২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ২৭ ফেব্রুয়ারি ডেকেছে আদালত

হরতাল-অবরোধের মধ‌্যে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দিয়ে মানুষ হত‌্যার মামলার আসামি খালেদা জিয়াকে আগামী ২৭ ডিসেম্বর ঢাকার আদালতে হাজির হতে হবে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 08:05 PM

Updated : 19 Aug 2022, 03:49 PM

ওই দিন আদালতে হাজির না হলে এই মামলায় তার জামিন বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

দুই বছর আগের এই মামলায় বুধবার অভিযোগপত্র আমলে নেওয়ার ধার্য দিনে খালেদা জিয়া অনুপস্থিত থেকে সময়ের আবেদন করায় বিচারক ওই আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল জানিয়েছেন।‍ু

২০১৫ সালের ২৩ জানুয়ারির ঘটনায় পুলিশের করা এই মামলায় বিএনপির ৩৮ জন আসামি; এর মধ‌্যে হুকুমের আসামি বিএনপি চেয়ারপারসন।

মামলাটিতে ২০১৫ সালে ৩ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের এসআই বশির আহমেদ। তারপর প্রায় দুই বছর গড়ালেও এখন শুরু হয়নি বিচার।

আইনজীবী তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আজ (বুধবার) আদালতে হাজির হতে পারেননি বলে তার আইনজীবীরা জানান। এজন্য তার পক্ষে সময়ের আবেদন করেন সানাউল্লাহ মিয়া।

“আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ২৭ ফেব্রুয়ারি ধার্য করে খালেদা জিয়াকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন আদালত।”

এই আদালতে রাষ্ট্রদ্রোহের একটি এবং নাশকতার ৯টি মামলায় ২৭ ফেব্রুয়ারি খালেদা জিয়ার হাজির হওয়ার দিনও ধার্য রয়েছে।

ওই ১০ মামলায় খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বলে গত ১ ফেব্রুয়ারি আদালত জানিয়েছিল।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন ২০১৫ সালের ৫ জানুয়ারি সমাবেশে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকেছিলেন খালেদা। তারপর বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া শুরু হয়।

২৩ জানুয়ারি রাত ৯টায় যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিলর অফিসের সামনে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন কমপক্ষে ৩১ জন। এর মধ্যে নূর আলম নামে একজন পরে মারা যায়।

ঘটনার পর পরিকল্পনাকারী হিসেবে বিএনপির কেন্দ্রীয় ১৮ জন নেতাসহ যাত্রাবাড়ী ছাত্রদল, শ্রমিকদলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ৫০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছিল। এরপর অভিযোগপত্র দেওয়া হয় ৩৬ জনের বিরুদ্ধে।