২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট‌্যাংকারে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত‌্যু

বরিশালে কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিনরুমে বিস্ফোরণে দগ্ধ চারজনের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2017, 12:12 PM

Updated : 11 Oct 2022, 01:30 PM

পুরনো খবর:

বরিশালে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, চালকসহ দগ্ধ ৪

হুমায়ুন কবির নামের ৩৪ বছর বয়সী ওই ব‌্যক্তি ছিলেন এমটি অ‌্যাংকর এস নামের ওই ট্যাংকারের গ্রিজার। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত‌্যু হয় বলে বার্ন অ‌্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান।

তিনি জানান, হুমায়ুন কবিরের শরীরে ৯০ শতাংশের বেশি দগ্ধ ছিল।

গত ১৮ ফেব্রুয়ারি ওই দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম থেকে সাড়ে ৯ লাখ লিটার ডিজেল ও পেট্রোল নিয়ে বরিশালে যমুনা অয়েলের ডিপোতে যাচ্ছিল এমটি অ্যাংকর এস নামের ট্যাংকারটি। সেই রাতে বরিশালের চাঁনমারী খেয়াঘাটে ইঞ্জিনরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর জাহাজে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলায় আরও বড় ধরনের বিপদ এড়ানো গেলেও চারজন দগ্ধ হন।

তাদের মধ‌্যে ট‌্যাংকারের লস্কর আবু সুফিয়ানকে ভর্তি করা হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আর গুরুতর দগ্ধ হুমায়ুন কবির, শহীদুল ও নাজমুলকে পাঠানো হয় ঢাকায়।

চিকিৎসাধীন শহীদুলের শরীরের ৫০ শতাংশ এবং নাজমুলের ৮০ শতাংশের বেশি আগুনে পুড়ে গেছে বলে পার্থ শঙ্কর পাল জানান।