হুমকি শুধু দেশেই তৈরি হয় না: বেনজীর
জঙ্গিবাদ ও সন্ত্রাসের হুমকি দেশ ছাড়াও দেশের বাইরের যেকোনো জায়গা থেকে আসতে পারে মন্তব্য করে জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সবদিক বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয় বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা তদারকি শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বেনজীর বলেন, “আমরা একটা ভুবনায়নের যুগে বাস করছি। সেক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপট, আঞ্চলিক প্রেক্ষাপট, আশপাশের প্রতিবেশী দেশ..., আমরা জানি এখন হুমকি শুধু দেশেই তৈরি হয় না। দেশের বাইরে থেকেও এটা আচড়ে পড়তে পারে।
“সবগুলো বিষয়ই আমরা সব সময় বিবেচনায় নেই। দেশের প্রধান যেই গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, তাদের সঙ্গে সবসময় সমন্বয় রয়েছে। র্যাবের নিজস্ব গোয়েন্দা বাহিনীও আছে।”
শহীদ দিবসের মতো বড় আয়োজনগুলোর আগে প্রতিনিয়ত ইন্টিলিজেন্স তথ্য সংগ্রহ, সমন্বয় ও বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকিগুলো বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয় বলে জানান র্যাব মহাপরিচালক।
“রাজধানীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনার প্রাঙ্গন, পার্শ্ববর্তী ও তার আশে পাশের এলাকা ঘিরে নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে।”
শহীদ মিনার ও আশপাশের পুরো এলাকাকে পাঁচটি এলাকায় ভাগ করে র্যাব দায়িত্ব পালন করবে বলে বেনজীর জানান।
সাম্প্রতিক বছরগুলোয় মাথা চাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদ দমনে বাংলাদেশের সাফল্য ‘তাক লাগানো’ ও ‘বিশ্বয়কর’ মন্তব্য করলেও এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই বলে মনে করেন তিনি।
বেনজীর বলেন, “জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ও সরকারের তাক লাগানো বিশ্বয়কর যে সাফল্য রয়েছে, এই সাফল্যে কিন্তু আন্ততুষ্টির কোনো সুযোগ নেই। যেহেতু আমরা দেখছি যে সারাবিশ্বে এই সমস্যাটি চলমান।
“আমাদের দেশেও নিরাপত্তা বাহিনী গোয়েন্দা বাহিনী এই চ্যালেঞ্জের বিরুদ্ধে ছুটে বেড়াচ্ছে। বলতে গেলে এই মুহূর্তেও আমাদের শত শত কর্মী এই চ্যালেঞ্জের বিরুদ্ধে ছুটে বেড়াচ্ছে।”
দেশকে নিরাপদ রাখতে সবাই মিলে কাজ করতে হবে মন্তব্য করে তিনি বলেন, “আমরা মনে করি, জনগণের সঙ্গে সব নিরাপত্তা বাহিনীর সমন্বয়ের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। র্যাবের সব ব্যাটালিয়নকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে।”
ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকায় সুইপিং করবে জানিয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার নিরাপত্তার জন্য হেলিকপ্টার থাকবে। প্রয়োজনে সেটি ব্যবহার করা হবে।
এসবের মাধ্যমে একটি সমন্বিত নিরাপত্তা বলয় তৈরি করা হবে বলে জানান বেনজীর।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানসহ র্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
