২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকার ও উপ-খাদ্য পরিদর্শকসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

গ্রাহকের অর্থ ও সরকারি গুদাম থেকে চাল আত্মসাতের আলাদা মামলায় ব্যাংকার ও উপ-খাদ্য পরিদর্শকসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2017, 11:06 PM

Updated : 19 Aug 2022, 03:48 PM

সোমবার কমিশন এ অনুমোদন দেয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভুয়া চেক দিয়ে গ্রাহকের অর্থ ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাতের মামলায় কৃষি ব্যাংক বাগেরহাট মোড়েলগঞ্জের সন্ন্যাসী বাজার শাখার সিনিয়র কর্মকর্তা জয়দেব কুমার পাল ও নিরাপত্তাকর্মী মো. আল আমিন শেখের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে কমিশন।

প্রণব কুমার জানান, জয়দেব ও আল আমিন পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের হিসাব থেকে ভুয়া চেক ব্যবহার করে ১০ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাত করেছে।

ওই অভিযোগে গত বছরের ৩১মে তাদের বিরুদ্ধে ব্যাংকের সন্ন্যাসী বাজার শাখা ব্যবস্থাপক মিঠুন দে বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন।

পরে আদালতের নির্দেশে মামলাটি দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করলে কমিশনের উপ-সহকারী পরিচালক রাজকুমার সাহা তদন্ত করেন।

অন্যদিকে দলিলপত্র জালিয়াতের মাধ্যমে সরকারি গুদামের মজুদ কম দেখিয়ে সাড়ে ৭৩ মেট্রিক টন চাল আত্মসাতের মামলায় নড়াইল লোহাগড়া নলদী খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক মো. ইসমাইল মৃধার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।

এ বিষয়ে প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ২০০৫ সালে ইসমাইল মৃধা জালিয়াতি করে গুদামে মজুদ ৯৭ দশমিক ৫২৯ মেট্রিক টন চালের মধ্যে ২৭ দশমিক ৫২ মেট্রিক টন চাল দলিলে লিপিবদ্ধ করে বাকি ৭৩ দশমিক ৬০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন।

এছাড়া এক হাজার ৪৫টি পাটের বস্তা আত্মসাৎ করা চাল পরিবহনের কাজে ব্যবহার করেন। খাদ্য বিভাগ এই চালের আর্থিক মূল্য ১১ লাখ ৯৪ হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করে।

এই অভিযোগে ২০০৫ সালের ৯ এপ্রিল লোহাগড়া থানায় মো. ইসমাইল মৃধাকে আসামি করে মামলা করেন লোহাগড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শুধাংশু হাওলাদার। এরপর আদালতের নির্দেশে মামলাটি কমিশনের উপ-সহকারী পরিচালক সৌরভ দাস তদন্ত করেন বলে জনসংযোগ কর্মকর্তা প্রণব জানিয়েছেন।