এক বছরে ৭টি ‘অতি ঝুঁকিপূর্ণ’ অভিযানে কাউন্টার টেররিজম ইউনিট
গঠনের এক বছরের মধ্যে ২০ থেকে ২৫টি ‘ঝুঁকিপূর্ণ’ অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, এর মধ্যে সাতটিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ বলছেন এই শাখার প্রধান মনিরুল ইসলাম।
সন্ত্রাস ও জঙ্গি দমনে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখা হিসেবে যাত্রা শুরুর বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ধারাবাহিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে গত বছরের ১৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি ইউনিট) গঠিত হয়। ডিবিতে থাকা অতিরিক্ত কমিশনার মনিরুলকে দায়িত্ব দেওয়া হয়।
মনিরুল বলেন, জনবল ও অনান্য সরঞ্জামে এখনও স্বয়ংসম্পূর্ণ হতে পারেননি তারা। তবে অচিরেই এ সমস্যার সমাধান হবে এবং সিটি ইউনিট আরও কার্যকরভাবে অপরাধ দমন করতে সক্ষম হবে বলে তিনি আশা করছেন।
পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় নতুন ধরনের অপরাধ দমনে সরকার পুলিশের নবগঠিত এই শাখাকে আরও সুযোগ-সুবিধা দিয়ে সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক কয়েকজন পুলিশ প্রধান।
হলি আর্টিজান হামলার পর কয়েকটি অভিযানে কাউন্টার টেররিজম ইউনিট বেশি আলোচনায় এলেও তার চার মাস আগে থেকেই এ শাখা তৎপর বলে মনিরুল জানান।
তিনি বলেন, “সিটি শুরু থেকে অভিযানমুখী ইউনিট হিসেবে কাজ শুরু করে। আর এ কারণেই সিটিকে অনেক অভিযান পরিচালনা করতে হয়েছে। হয়ত বেশির ভাগ ক্ষেত্রে ওভাবে সফলতা আসেনি। তাই সেগুলো মিডিয়াতেও আসেনি।
“তবে এই এক বছরে সিটি অন্তত ২০ থেকে ২৫টি ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ অভিযান অন্তত সাতটি।”
নারায়ণগঞ্জে জঙ্গিনেতা তামিম চৌধুরীর আস্তানা, ঢাকা ও গাজীপুরে বিভিন্ন জঙ্গি আস্তানায় সিটি ইউনিটের অভিযান বেশ আলোচিত ছিল। তবে তাদের এসব অভিযান নিয়ে প্রশ্নও তুলেছেন অনেকে।
এ বিষয়ে মনিরুল বলেন, “তাদের যেন শুভবুদ্ধি হয়। কোনো কিছু যাচাই করে যেন তারা মন্তব্য করেন। সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য হবে।”
সিটি ইউনিটের কাজের গতি আটকাতে অনেকে ‘উদ্দেশ্যমূলকভাবে’ সমালোচনা করেন বলেও দাবি করেন তিনি।
দেশে জঙ্গি তৎপরতার সর্বশেষ অবস্থা কী- জানতে চাইলে মনিরুল বলেন, জঙ্গিরা যেহেতু একটি মতাদর্শভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী, তাই এদের মতাদর্শের একজন লোক যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে, ততক্ষণ পর্যন্ত জঙ্গিবাদের সাধারণ ঝুঁকি পৃথিবীব্যাপী থাকে।
“বাংলাদেশেও আছে। কিন্তু বিশেষ কোনো ঝুঁকির পরিস্থিতি সৃষ্টি হবে না বলে আমরা আশা করি।”
হলি আর্টিজেনের মত যে কোনো ঘটনা মোকাবেলার আগাম প্রস্তুতি রয়েছে বলে দাবি করেন এই গোয়েন্দা কর্মকর্তা।
বিভ্রান্ত হয়ে জঙ্গিদের খপ্পরে পড়া কিশোর-তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সিটি ইউনিটের তৎপরতার কথাও জানান মনিরুল।
কয়েক তরুণকে কাউন্সিলিংয়ের মাধ্যমে স্বাভাবিক পথে আনার কথা জানিয়ে তিনি বলেন, “এই কাউন্সিলিংটাকে ইনস্টিটিউশনাল পর্যায়ে নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। অল্প সময়ের মধ্যে আমরা এই কার্যক্রম শুরু করব।”
এক বছরে নিজেদের কতটা সফল ভাবছেন- এই প্রশ্নে মনিরুল বলেন, “শতভাগ সফল বলব না। তবে উল্লেখযোগ্য সফলতা পেয়েছি বলতে পারি।
“ইতোমধ্যে কিন্তু বিদেশের অনেক সংস্থা আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা এত স্বল্প সময়ের মধ্যে কীভাবে জঙ্গিবাদ অনেকটা নিষ্ক্রিয় করলাম। আমাদের চেয়ে অনেক অগ্রসর দেশও এটা জানতে চায়।”
ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মনিরুল ইসলাম
কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা জানতে চাইলে অপ্রতুল জনবলের কথা বলেন সিটি ইউনিটের প্রধান।
“আমাদের ৬০০ জন সদস্য থাকার কথা। কিন্তু বর্তমানে আবাসন ও লজিস্টিকস সঙ্কটের কারণে ৪০০ জনের মতো কাজ করছেন। তবে খুব তাড়াতাড়ি সংকট নিরসন হলে আমরা পুরো লোকবল নিয়ে মাঠে নামব।”
প্রশিক্ষণের উপর জোর দিয়ে মনিরুল বলেন, “এখানে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। কিন্তু সেই প্রশিক্ষণের সুযোগ আমরা প্রাথমিকভাবে পাইনি। আধুনিক প্রযুক্তি সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণের সুযোগও ছিল কম। লজিস্টিক সাপোর্ট সেই অর্থে ছিল না।”
“তবে সরকার আমাদের বিষয়ে আগ্রহী। আমাদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। আশা করছি দুই থেকে তিন মাসের মধ্যে অনেক সঙ্কট দূর হয়ে যাবে,” বলেন তিনি।
সিটি ইউনিটকে নিয়ে আশাবাদী সাবেক আইজিপি নুরুল হুদা এই শাখার সমস্যা নিরসনে সরকার মনোযোগী হবে বলে আশা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অল্প সময়ে পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ অত্যন্ত সফলভাবে কাজ করছে। দেশের জন্য সরকারকেও তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
সাবেক আইজিপি মোহাম্মদ হাদিস উদ্দিন আহমেদ সিটি ইউনিটের বলেন, “তারা কেমন কাজ করছে এখনই সেটা বলে দেওয়া ঠিক হবে না। তবে তাদের নিয়ে জনগণের মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছে।”
যথাযথ প্রশিক্ষণ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে এই ইউনিট আরও সফলভাবে কাজ করতে পারবে বলে মনে করেন তিনি।
