২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনী দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, তারা শুধু দেশেই নয়, কর্মদক্ষতার পরিচয় দিয়ে সারাবিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2017, 05:45 PM

Updated : 11 Oct 2022, 01:28 PM

রাজশাহী সেনানিবাসের ইনফ্যানট্রি রেজিমেন্ট সেন্টারে বৃহস্পতিবার দ্বাদশ অধিনায়ক সম্মেলন ও দ্বিতীয় বীর পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যরা শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিশ্ব পরিমণ্ডলেও তারা তাদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছেন।”

দুপুর ১টায় রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শনসহ অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্য, নিরাপত্তা উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সবাইকে শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। বঙ্গবন্ধুর ‘ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পরপরই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা শুরু’র সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, “শুরু থেকে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জাতির পিতার হাতে গড়া সেনাবাহিনী আজ চৌকস ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে।”

১৯৯৯ সালের নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্ট গঠনের অনুমোদন দেন। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে বাংলাদেশ ইনফ্যানট্রি রেজিমেন্ট ‘রেজিমেন্ট অব দি মিলেনিয়াম’ হিসেবে যাত্রা শুরু করে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বলেন, “সেনাবাহিনীর নবীনতম এই রেজিমেন্ট স্বল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”

দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা প্রণয়ন, গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর অবদান বর্ণনা করেন তিনি।

সেনাবাহিনীর সক্রিয় অংশগ্রহণ দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তার স্বপ্নের সোনার বাংলা এখন আর স্বপ্ন নয়, তা বাস্তবতায় রূপান্তরিত হচ্ছে।

“এই রূপান্তর প্রক্রিয়ায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ দেশকে নিয়ে যাবে উন্নতি ও অগ্রগতির কাঙ্ক্ষিত লক্ষ্যে।”

যুগোপযোগী ও শক্তিশালী সেনাবাহিনী গঠনের জন্য ‘বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল ২০৩০’ প্রস্তুত করা হয়েছে বলে রাষ্ট্রপতি তার বক্তব্যে তুলে ধরেন।

তিনি বলেন, ফোর্সেস গোল অনুযায়ী সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়ন প্রক্রিয়াও ইতোমধ্যেই শুরু হয়েছে।

“২০১৩ সালে ১৭ পদাতিক ডিভিশন এবং ৯৯ কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠিত হয়েছে। বিগত বছরে ১০ পদাতিক ডিভিশন, ৯৭ পদাতিক ব্রিগেড ও ১০ আর্টিলারি ব্রিগেড প্রতিষ্ঠিত হয়েছে। বরিশাল-পটুয়াখালীর পায়রা নদী সংলগ্ন লেবুখালী সেনানিবাস, পদ্মা সেতু এলাকায় একটি সেনানিবাস স্থাপনের লক্ষ্যে মাস্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রমও চলমান রয়েছে।”

এছাড়া নোয়াখালীর স্বর্ণদ্বীপে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এবং কিশোরগঞ্জে একটি সেনানিবাস স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

সেনাসদস্যদের জন্য আবাসিক সুবিধা সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, কর্মরত সেনাসদস্যের মৃত্যু হলে তাদের জন্য বিশেষ বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

এসব পদক্ষেপ সেনা সদস্যদের মনোবলে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আরও নিষ্ঠার সঙ্গে কাজে মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।