২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রঙ, যা জীবনের প্রতিচ্ছবি’

চারুকলায় জয়নুল গ্যালারিতে ঢুকতেই স্বাগত জানাল একদল পেঁচা, খানিক দূরে ঢোল-মাদল নিয়ে নৃত্যোৎসবের অপেক্ষায় দেখা গেল একদল সাঁওতালকে। তার পাশেই বাঁশের ভেলা নিয়ে গঞ্জে চলেছেন এক হাটুরে। সদাই নিয়ে তার ঘরে ফেরার অপেক্ষায় অভিমানিনী বধূটি অনিমেষ চেয়ে থাকে পথপানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 01:25 AM

Updated : 19 Aug 2022, 03:45 PM

এমনই সব গল্প নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে ‘‘রঙ, যা জীবনের প্রতিচ্ছবি’ শিরোনামের চিত্রকলা প্রদর্শনী।

অ্যালুমিনিয়াম, টেরাকোটা, ব্রাশ মিডিয়ার খুদে সব ভাস্করের পাশাপাশি এতে ঠাঁই পেয়েছে ১৪ জন শিল্পীর আঁকা ছবি। তারা সবাই চারুকলা অনুষদের ’৮৯-৯০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রদর্শনী।

প্রদর্শনী নিয়ে চারুকলার শিক্ষক কানিজ সোহানী ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক দিন আগে পাস করে বেরিয়ে গিয়েছি আমরা। তারপর যে যার সংসারে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু মনের কোণে সেই শিল্পী সত্তার প্রকাশ কী করে হবে?

“একদিন বন্ধুরা মিলে বসে পড়লাম। ২০১৬ সালে ‘কালারস’ নামে একটি গ্রুপ হল। তারপর নিজেদের আঁকা নানা ছবি নিয়ে বন্ধুরা আসতে শুরু করল একে একে।”

গ্যালারিতে ঢুকতে নজরে পড়বে মুনিরা সুলতানার টেরাকোটা মাধ্যমের সিরিজ শিল্পকর্ম ‘প্রকৃতির ভালোবাসা’। প্রকৃতির নানা রঙ-রূপ নিয়ে নিরীক্ষা করেছেন কানিজ সোহানী ইসলাম, নিশাত চৌধুরী জুঁই। তাদের দুজনেরই মাধ্যম অ্যাক্রেলিক।

প্রকৃতি ভারসাম্য হারাতে বসায় ক্ষতির মুখে সুন্দরবন। ছবিতে তার প্রতিবাদ জানালেন শিল্পী মণিদীপা দাশগুপ্ত। মিক্সড মিডিয়ায় তিনি ক্যানভাসে তুলে ধরেছেন একখণ্ড সুন্দরবনকে।

মোর্শেদা হক বকুলের বিষয় নারী, রেবেকা সুলতানারও তাই। অ্যাক্রেলিক অন ক্যানভাসে তারা তুলে ধরেছেন নারী জীবনের চালচ্চিত্র।

শৈশব আর গ্রামীণ জীবনের পটভূমিকায় দাঁড়িয়ে নিরীক্ষাধর্মী হয়েছেন শিল্পী রেহানা ইয়াসমিন শিলা। টেরাকোটা মিডিয়াতে করা ‘চাইল্ডহুড’ ছবিতে তিনি তুলে এনেছেন মধ্য দুপুরের এক প্রাণচঞ্চল কিশোরীকে।

মুক্তি ভৌমিক টেরাকোটায় উপস্থাপন করেছেন পাখি, ফুল; আবার অ্যালুমিনিয়ামে তুলে এনেছেন মধ্যবয়সী দম্পতির আবেগঘন এক মুহূর্তকে।

এক শুভেচ্ছা বার্তায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “সাময়িক বিরতির পর তাদের এই ফিরে আসা শিল্পের প্রতি অদম্য ভালোবাসা ও দায়বদ্ধতরাই বহিঃপ্রকাশ।”

প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রয়েছে জয়নুল গ্যালারি। প্রদর্শনী চলবে ১৫ ফেব্রুয়ারি অবধি।

সুরাইয়া রহমান কাঁথাশিল্পের অগ্রদূত: সংস্কৃতিমন্ত্রী

পল্লীকবি জসীম উদদীনের ধারাবাহিকতায় বাংলার কাঁথাশিল্পকে ‘নতুন এক মাত্রা’ এনে দেওয়া কারুশিল্পী সুরাইয়া রহমানের উপর নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘থ্রেডস’। কানাডিয়ান পরিচালক ক্যাখথে সেভুলাকের এই প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়ে গেল রোববার সকালে।

জাতীয় জাদুঘরে এই প্রদর্শনীর উদ্বোধনে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “ব্যক্তিগতভাবে আমি সুরাইয়া রহমানকে চিনি। পল্লীকবি জসীম উদদীনের তৃতীয় সন্তান আমার বন্ধু ছিল। কবির কমলাপুরের বাসায় আমার যাতায়াত ছিল। পল্লীকবির সাথে দীর্ঘ আড্ডায় মাঝে মাঝে তিনিও থাকতেন। তখন জানতাম তিনি একটি সাধনার মধ্য দিয়ে যাচ্ছেন।”

প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, “একজন বিদেশি পরিচালক ও প্রযোজক তার শিল্পকর্মের ওপর যে চলচ্চিত্রটি নির্মাণ করলেন তা এ শিল্পী ও তার শিল্পকর্মকে আমাদের সবার কাছে তুলে ধরতে অবদান রাখবে।”

কদিন আগে একটি শপিংমলে কাঁথা কিনতে গিয়ে বিরক্ত হয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, “উপহার দিতে বা ব্যবহারের জন্য বর্তমানে যে ধরনের নকশি কাঁথা পাওয়া যায় তা অনেকটাই ফরমায়েশি । মনে হয় কেউ একজন বলে দিচ্ছে এরকম, এভাবে তৈরি করতে হবে।”

কাঁথাশিল্পে ‘অনন্য’ অবদান রাখা সুরাইয়া রহমানকে মনে রাখতে না পারলে শিল্পেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনাপর্বে প্রামাণ্যচিত্রের প্রযোজক লেনার্ড হিল তুলে ধরেন ‘থ্রেডস’ এর গল্প।

তিনি বলেন, “প্রামাণ্যচিত্রটির গল্প তৈরি হয়েছে ৮৫ বছর বয়সী বাঙালি নারী শিল্পী সুরাইয়া রহমানকে নিয়ে।তিনি নিজের পরিবার এবং শত শত নিঃসম্বল মায়েদের একটি ভালো জীবনের সন্ধান দেওয়ার জন্য কাঁথায় নকশা করার প্রথা চালু করেন। সুঁই ও সুতা নিয়ে প্রায় ৩০ বছর সংগ্রামের পরে সুরাইয়া রহমান এবং তার সহযোগীরা বিশ্বব্যাপী বোদ্ধা সমাজের প্রশংসা অর্জন করতে সক্ষম হন।”

লেনার্ড হিল বলেন, “থ্রেডস দর্শকদের একজন শিল্পীর হৃদয়ের গভীরে নিয়ে যাবে এবং আপামর জনগোষ্ঠীকে মর্যাদা এবং স্বাবলম্বিতা অর্জনের একটি ব্যতিক্রমী পথ দেখিয়ে দেবে।”

সুরাইয়া রহমান একজন স্বপ্রশিক্ষিত শিল্পী । ‘আরশী’ নামের একটি প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে তিনি বাংলাদেশে প্রথম নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং শতাধিক সুবিধাবঞ্চিত নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেন।

আলোচনা সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নিয়াজ জামান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।

আলোচনার পর ‘থ্রেডস’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।