২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শিবলীকে যেতে হবে আপিল বিভাগে

অতিরিক্ত বিচারক হিসেবে দুই বছর হাই কোর্টে দায়িত্ব পালনের পর স্থায়ী হিসেবে নিয়োগ না পাওয়া বিচারপতি ফরিদ আহমদ শিবলীকে আপিল বিভাগে যাওয়ার পরামর্শ দিয়ে তার রিট আবেদন নিষ্পত্তি করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 02:26 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

আদালত বলেছে, এর আগে বাদপড়া বিচারপতি এবিএম আলতাফ হোসেনের আবেদন আপিল বিভাগে বিচারাধীন। তাই বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর আবেদনে হাই কোর্ট কোনো সিদ্ধান্ত দিতে পারে না।

রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

ফরিদ আহমদ শিবলীসহ ১০ জনকে ২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়; পরদিন শপথ নেন তারা।

ওই দুই বছর মেয়াদ শেষে রাষ্ট্রপতি গত ৭ ফেব্রুয়ারি আটজনকে হাই কোর্টের বিচারক হিসেবে স্থায়ী নিয়োগ দেন। দশজনের মধ‌্যে বিচারপতি জ্যোতির্ময় নারায়ণ দেব চৌধুরী গত ডিসেম্বরে মারা যান। আর মো. ফরিদ আহমেদ শিবলী বাদ পড়েন।

গত ৯ ফেব্রুয়ারি ‘স্থায়ী হল ৮ বিচারপতির নিয়োগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। সেখানে বলা হয়, “সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানা গেছে, প্রধান বিচারপতি এসকে সিনহা নয়জনকেই স্থায়ী বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিলেন। প্রধান বিচারপতির সুপারিশের পরও একজনকে স্থায়ী নিয়োগ থেকে বঞ্চিত করায় সুপ্রিম কোর্টের ‘১০ বিচারপতির মামলা’-সংক্রান্ত রায়ের লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।”

দশ বিচারপতির নিয়োগসংক্রান্ত মামলার বাদী অ্যাডভোকেট ইদ্রিসুর রহমানকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, “২০০৩ সালে ১০ জন বিচারপতিকে স্থায়ী নিয়োগ না দেওয়ায় মামলা করা হয়। ওই মামলায় সিদ্ধান্ত হয় বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতির মতামতের প্রাধান্য থাকতে হবে। এটাই এখন আইন।

“এখন যে একজনকে বাদ দেওয়া হয়েছে তাকে স্থায়ী নিয়োগে প্রধান বিচারপতির সুপারিশ থাকার পরও বাদ দেওয়াটা আইনের লংঘন, সংবিধানের লংঘন এবং এর আগে ১০ বিচারপতির মামলায় সুপ্রিম কোর্ট যে নীতিমালা করে দিয়েছেন, সেটারও লংঘন।”

এরপর হাই কোর্টে এই রিট আবেদন করেন বিচারপতি ফরিদ আহমদ শিবলী। নিয়োগ স্থায়ী না করার এই সিদ্ধান্ত ‘সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ও মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থি’ দাবি করে এই রিট আবেদনে রুল চাওয়া হয়।

ওই সিদ্ধান্ত কেন বাতিল ও বেআইনি ঘোষণা করা হবে না, বিচারপতি ফরিদ আহমদ শিবলীকে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না এবং তাকে স্থায়ী করার আগ পর্যন্ত হাই কোর্টে নতুন নিয়োগ বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে ওই রুল চাওয়া হয় আদালতের কাছে।

রিটে বিবাদী করা হয় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আই্ন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

দুপুরের পর বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চে এ বিষয়ে শুনানি হয় । বিচারপতি ফরিদ আহমদ শিবলীর পক্ষে আদালতে শুনানি করেন মনজিল মোরসেদ।

আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “আদালত কিছু পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে। এতে আমি মনে করি আমাদের আবেদন গ্রহণ করা হয়েছে।”

আদালত পর্যবেক্ষণে বলেছে, এর আগে অতিরিক্ত ১০ বিচারকের বিষয়ে আপিল বিভাগের নির্দেশনায় বলা হয়, বিচারক নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতির সুপারিশ প্রাধান্য পাবে। আর যদি নিয়োগ পাওয়ার অযোগ্য হন, সেক্ষেত্রে নির্বাহী বিভাগের সিদ্ধান্ত প্রাধান্য পাবে। এক্ষেত্রে অযোগ্যতার বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

মনজিল মোরসেদ বলেন, “এর আগে বাদপড়া বিচারপতি এবিএম আলতাফ হোসেনের আবেদন আপিল বিভাগে বিচারাধীন। তাই হাই কোর্ট বলেছে, বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর বিষয়টির নিষ্পত্তিও আপিল বিভাগে হওয়া প্রয়োজন।”  

১৯৫৬ সালে জন্ম নেওয়া ফরিদ আহমদ শিবলী আইনের ডিগ্রি নেওয়ার পর ১৯৮৩ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০০৪ সালে তিনি পদোন্নতি পেয়ে দায়রা জজ হন।

২০১৫ সালের শুরুতে প্রধান বিচারপতি এস কে সিনহা দায়িত্ব নেওয়ার পর ফরিদ আহমেদ শিবলীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর এক বছরের মাথায় তিনি অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্টে নিয়োগ পান।

এক প্রশ্নের জবাবে মনজিল মোরসেদ জানান, বিচারপতি ফরিদ আহমদ শিবলী দুই বছর আগে নিয়োগ পেয়েছিলেন অতিরিক্ত বিচারক হিসেবে। সেই মেয়াদ পূর্ণ হওয়ায় এবং স্থায়ী নিয়োগ না পাওয়ায় তিনি এখন ‘সাধারণ নাগরিক’।