কুটি মনসুরসহ ১২ শিল্পীকে সম্মাননা
কুটি মনসুর মারা যাওয়ার দিনে এই গায়ক-গীতিকার-সুরকারসহ সঙ্গীতাঙ্গনের ১২ জনকে সম্মাননা জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ।
মঙ্গলবার সন্ধ্যায় টিএসসি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যখন এই সম্মননা জানানো হয়, কাছাকাছি সময় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুটি মনসুর।
জনপ্রিয় গান ‘আইলাম আর গেলাম’, ‘যৌবন জোয়ার একবার আসে রে’, ‘আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা’, ‘কে বলে মানুষ মরে’, ‘হিংসা আর নিন্দা ছাড়ো’, ‘সাদা কাপড় পরলে কিন্তু মনটা সাদা হয় না’সহ অসংখ্য গান লিখে গেছেন লোকজ গানের জগতে পরিচিত মুখ কুটি মনসুর।
কুটি মনসুর
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত শিল্পীদের হাতে সম্মাননা তুলে দেন। তাদের ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়ার পাশাপাশি উত্তরীয় পরানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমদ, কলা অনুষদের ডিন আবু মো. দেলোয়ার হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. লীনা তাপসী খান উপস্থিত ছিলেন।
