তামিনা চৌধুরীর বইয়ে নতুন ভাবনার খোরাক
বাংলাদেশি ইতিহাসবিদ তামিনা এম চৌধুরীর লেখা ‘ইন্ডিজেনাস আইডেনটিটি ইন সাউথ এশিয়া’ নামের একটি বই প্রকাশিত হয়েছে, যা আদিবাসীদের পরিচয় নিয়ে বাংলাদেশে চলমান বিতর্কে নতুন খোরাক দেবে।
পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের ‘আদিবাসী’ স্বীকৃতির দাবি খুব বেশি দিনের নয় বলে যে সাধারণ ধারণা রয়েছে, তা চ্যালেঞ্জ করেছেন তিনি।
পার্বত্য এলাকায় বসতি স্থাপনের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে তামিনা বলছেন, ‘আদিবাসীদের’ স্বতন্ত্র নৃতাত্ত্বিক পরিচয় অন্বেষনের প্রয়াসটি বাংলাদেশ সৃষ্টির আগে থেকে চলছে এবং তা বিকশিত হতে শুরু করে ব্রিটিশ শাসনামল থেকে।
মঙ্গলবার ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়। এটি প্রকাশ করেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা রুটলেজ।
অর্থনীতির অধ্যাপক স্বপন আদনান, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আমেনা মহসিন, নৃতত্ত্বের অধ্যাপক প্রশান্ত ত্রিপুরা এবং সাংবাদিক-শিক্ষক আফসান চৌধুরী বইটির উপর আলোচনায় অংশ নেন।
আদিবাসী বিষয়টিকে নতুনভাবে দেখার প্রচেষ্টার প্রশংসা করলেও তামিনার বইটিতে কিছু শব্দের ব্যবহার, পরিভাষা ও রেফারেন্স ব্যবহারকে সমালোচনার দৃষ্টিতে দেখেছেন আলোচকরা।
“আমরা একমত হই আর না হই, আমাদের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতেই হবে। এটা নতুন ধারণা দিয়েছে,” বলেন অধ্যাপক আদনান।
‘পাহাড়ি’ হিসেবে সমধিক পরিচিত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা আনুষ্ঠানিক স্বীকৃতির পাশাপাশি স্বায়ত্তশাসনের দাবি করে আসছেন। বাংলাদেশের স্বাধীনতার পরপরই সেখানকার আদিবাসী হিসেবে এই দাবি তোলেন তারা।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ‘বাঙালি’ থেকে তারা নৃতাত্ত্বিকভাবে স্বতন্ত্র এবং তাদের ঐতিহ্য-সংস্কৃতি সংরক্ষণে স্বায়ত্তশাসন দরকার বলে যুক্তি দিয়ে আসছেন পাহাড়িরা।
বইয়ে তামিনা বলেছেন, ‘আদিবাসী’ দাবিকে দেখতে হবে পাহাড়ি জনগোষ্ঠী, প্রধানত পাহাড়ি অভিজাত ও ‘রাজা’র মধ্যকার মিথস্ক্রিয়ার জটিল ও প্রলম্বিত প্রক্রিয়ার ফল হিসেবে।
তামিনা বলেন, রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে পার্বত্যাঞ্চলের যোগাযোগের প্রশাসনিক ইতিহাসটি তুলে আনার চেষ্টা করেছেন তিনি।
পার্বত্য এলাকার রাজনৈতিক ইতিহাস এবং আদিবাসী পরিচয়ের দাবির বিষয় নিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তামিনা।
বর্তমানে ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির ফেলো তামিনা ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের পরামর্শক হিসেবে কাজ করছেন। এর আগে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এ কাজ করেন তিনি।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এই বই ‘খুব ভালো’ তথ্যের উৎস হিসেবে কাজ করবে।
