ইউরোপের জন্য দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব ব্রেন্ট মেয়রের
ইউরোপের বাজারে কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ তৈরিরে ওপর গুরুত্ব দিয়েছেন সফররত লন্ডনের ব্রেন্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ।
রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্রেন্ট মেয়র এই মত দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়র তার কাউান্সিলের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মেয়র বলেন, ইউরোপে কর্মসংস্থান সম্ভাবনা বিবেচনা করে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ তৈরিতে উদ্যোগ নেওয়া জরুরি।
“বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাংগঠনিক কাঠামোর বিষয় উল্লেখ করে মেয়র বলেন, আগের তুলনায় প্রবাসী বাংলাদেশির সংখ্যা বহুগুণ বৃদ্ধি পেলেও জনবল না বাড়ায় প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।”
পারভেজ আহমেদ শ্রমিক নির্ভর বাংলাদেশি মিশনগুলোতে আইন কর্মকর্তা এবং উন্নত দেশগুলোতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরতে তথ্য কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেন।
ইংল্যান্ডের লেবার পার্টির সদস্য পারভেজ গত মে মাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রেন্টের মেয়র হন। এর আগে তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন।
প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ব্রেন্টের মেয়র নির্বাচিত হওয়ায় পারভেজ আহমেদকে অভিনন্দন জানান।
“তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে শুভেচ্ছা দূত হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
সাক্ষাতের সময় সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস শেকিল চৌধুরী এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
