কল্যাণের দুর্ঘটনা তেজগাঁও থানার সামনে, দাবি বন্ধুর
গাড়ির ধাক্কায় আলোকচিত্রী জিয়া ইসলাম আহত হওয়ার মামলায় গ্রেপ্তার অভিনেতা কল্যাণ কোরাইয়ার বন্ধু দাবি করে একজন বলছেন, ওই রাতে কল্যাণের গাড়ি দুর্ঘটনায় পড়েছিল তেজগাঁও থানার সামনে, যার সঙ্গে জিয়ার ঘটনার যোগ নেই।
তেজগাঁওয়ে দুর্ঘটনার সময় গাড়িতে কল্যাণের সঙ্গে শুধু তিনি ছিলেন দাবি করে আলবার্ট অলড্রিন পিউরিফিকেশন রচি বলছেন, ওই দুর্ঘটনার পর ঢাকা মেডিকেলে গিয়ে তিনি চিকিৎসা নিয়েছিলেন। সে সময় কল্যাণ তাকে দেখতে যাওয়ায় বিষয়টি নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ হয়।
এ বিষয়ক কাগজপত্র আইনজীবীর মাধ্যমে আদালতে উত্থাপন করবেন বলে জানান তিনি।
গত সোমবার মধ্যরাতে পান্থপথে বসুন্ধরা সিটির সামনে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলে থাকা জিয়া মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে অ্যাপোলো হাসপাতালে তার চিকিৎসা চলে। তবে চার দিনেও জ্ঞান না ফেরায় শুক্রবার সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
জিয়া আহত হওয়ার ঘটনায় প্রথম আলোর পক্ষ থেকে দায়ের করা মামলায় বলা হয়, “জিয়াকে ধাক্কা দেওয়ার পরে গাড়িটি লাইট বন্ধ করে কিছুক্ষণ থেমে ছিল। পরে এটি চলে যায়। জিয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পর কল্যাণ রাত দেড়টার দিকে হাসপাতালে যান। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, তার গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছিল। তারপর লাপাত্তা হয়ে যান তিনি।”
মঙ্গলবার সন্ধ্যার দিকে কলাবাগান থানায় এই মামলা দায়েরের পর কল্যাণকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে আছেন তিনি।
কল্যাণের বন্ধু রচি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে তাদের কালাচাঁদপুরের বাসা থেকে মনিপুরী পাড়ায় কল্যাণের বাসায় আসছিলেন তারা।
“পথে তেজগাঁও থানার সামনে একটি ট্রাক আমাদের গাড়িকে ধাক্কা দেয়। আমার মাথা কেটে যায়, কল্যাণ সুস্থ থাকায় গাড়ি নিয়ে নিজের বাসায় যায়।”
আহত জিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
কল্যাণ ওই রাতে তাকে দেখতেই ঢাকা মেডিকেলে গিয়েছিলেন বলে দাবি রচির।
“কল্যাণের মোবাইলে চার্জ না থাকায় সে সময় সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেনি,” বলেন তিনি।
তবে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই রাতে জিয়াকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়ার পর সেখানকার ফটকে কল্যাণকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি।
“তখন তিনি আমার দুই তিনজন সহকর্মীর কাছে বলেন, তার গাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে। ফেইসবুকের মাধ্যমে আহত ব্যক্তি ফটোগ্রাফার জিয়া ইসলাম জানতে পেরে তিনি হাসপাতালে এসেছেন। তার এই কথা যখন তারা সবাই জানতে পারেন, তখন আর তাকে ঢাকা মেডিকেলে খুঁজে পাওয়া যায়নি।”
কল্যাণের বন্ধু রচির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রকম কেউ আমাদের কাছে এসে দাবি করেননি। আমরা সব কিছু আমলে নিয়ে তদন্ত করছি।”
তবে রচি বলছেন, পুলিশ তার বাসায় গিয়ে সব কিছু জানতে চেয়েছে।
“যা যা হয়েছে সব কিছু আমি বলেছি।”
