২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় ট্রাকের ধাক্কায় ২ রিকশা আরোহী নিহত

পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় ট্রাকের ধাক্কায় দুই রিকশা আরোহীর মৃত‌্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2017, 08:51 AM

Updated : 19 Aug 2022, 03:26 PM

গেণ্ডারিয়া থানার এসআই সোহেল রানা জানান, সোমবার রাত ১২টার দিকে ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন রাস্তায় একটি ট্রাক ওই রিকশাকে ধাক্কা দিলে দুই আরোহী বাদল হোসেন ও সানোয়ার হোসেন এবং চালক আলতাফ হোসেন গুরুতর আহত হন।

তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল ও সানোয়ারকে মৃত ঘোষণা করেন।

বাদল ধোলাইখালের একটি লেদ মেশিন ওয়ার্কশপের মালিক, থাকতেন ঢাকার শাহজাহানপুরে। আর সানোয়ার ছিলেন বাদলের দোকানের কর্মচারী; তার বাসা ওয়ারী এলাকায়।

আহত রিকশাচালক আলতাফকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই সোহেল জানান।

তিনি বলেন, ট্রাক ও চালকের সহকারীকে আটক হলেও চালক পালিয়ে গেছে।