নৌমন্ত্রীর মিছিলে বোমা হামলা: তদন্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারি
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ ফেব্রুয়ারি দিন রেখেছে আদালত।
রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম নূর নবী নতুন দিন ঠিক করে দেন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত প্রতিবেদনের জন্য কমপক্ষে সাতটি তারিখ পেছানো হলো।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়।
সেখানে সমাবেশ শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের কয়েক হাজার মানুষ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে রওনা হলে আসামিরা বোমা নিক্ষেপ করে।
এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু গুলশান থানায় খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
