২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের কাছে ট্যানারি স্থানান্তরের অগ্রগতি জানানোর দাবি

হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের জন্য সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ফুরিয়ে গেলেও কাজের ‘তেমন অগ্রগতি না হওয়ায়’ সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেছেন সৈয়দ আবুল মকসুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 09:14 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘বুড়িগঙ্গা রিভারকিপার’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

হাজারীবাগে গড়ে ওঠা অপরিকল্পিত ট্যানারি শিল্প সাভারের হেমায়েতপুর হরিণধারায় স্থানান্তরের জন্য বেঁধে দেওয়া সময়সীমার শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানান্তরের অগ্রগতি নিয়ে সরকারের সমালোচনা করে জবাবদিহিতা দাবি করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এই সহ-সভাপতি।

“আজকে সন্ধ্যা বেলা সরকারের দেওয়া ডেডলাইন শেষ হয়ে যাবে। এখন আমরা সরকারের কাছে জানতে চাই, সুস্পষ্ট একটা ব্যাখ্যা চাই যে, এই ট্যানারি শিল্প স্থানান্তরের জন্যে, নদীকে রক্ষার জন্যে যে উদ্যোগ তারা নিয়েছিল গত কয়েক মাসে- সে উদ্যোগের কত শতাংশ বাস্তবায়িত হয়েছে তা জনগণকে জানাতে হবে।”

ট্যানারি স্থানান্তরের ব্যাপারে অগ্রগতি কতটুকু এবং অগ্রগতি যদি না হয়ে থাকে তবে কেন হয়নি তার জবাবদিহিতা দাবি করেন আবুল মকসুদ।

এর আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ট্যানারি মালিকদের ৩০ ডিসেম্বরের মধ্যে কারখানা সাভারে স্থানান্তর করার জন্য সময় সীমা বেঁধে দেন। যেসব ট্যানারি মালিক এই সময়ের মধ্যে স্থানান্তরে ব্যর্থ হবেন ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তাদের কারখানায় গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

মন্ত্রীর এই কথা বাস্তবায়ন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।

“যেটা করার কথা- আগামীকাল থেকে কোনো কাঁচাচামড়া হাজারীবাগে ঢুকবে না, এরকমই সরকারের অঙ্গিকার। কিন্তু আগামীকাল দিব্যি ঢুকবে, যা আমরা বুঝতে পারছি; কিন্তু ঢোকার কথা না। সে জন্যেই আমাদের উদ্বেগ।”

সংবাদ সম্মেলনে বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বুড়িগঙ্গা নদী দূষণের পেছনে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোকে দায়ী করে বলেন, প্রতিদিন প্রায় দুই কোটি ১৬ লাখ লিটার তরল বর্জ্য ট্যানারি থেকে বুড়িগঙ্গাতে গিয়ে পড়ছে, যা দূষণের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।

সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের জন্যে সরকারের পক্ষ থেকে ট্যানারি মালিকদের প্রায় ২০০ একর জমি বরাদ্ধ দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গ টেনে আবুল মকসুদ বলেন, “এত সুন্দর যায়গা দিয়েছে যে, সেখানে একটি সুন্দর শিল্প শহর গড়ে উঠতে পারে। কিন্তু ব্যক্তিগত ভাবে আমার ধারণা হচ্ছে তারা ঐ (সাভার) জায়গাটিও চান, এ (হাজারীবাগ) জায়গাটিও ছাড়তে চান না।”

এর আগে ২০১৬ সালের ১০ জানুয়ারি ট্যানারি মালিকদের হাজারীবাগ ছাড়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এছাড়াও হাজারীবাগের সকল চামড়া কারখানা জুনের মধ্যে সাভারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।

শরীফ জামিল বলেন, অক্টোবরে শিল্পমন্ত্রী ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি স্থানান্তর করার নির্দেশ সর্তেও মাত্র ৩৪টি ট্যানারি স্থানান্তরিত হয়েছে, বাকি রয়েছে আরও ১২০টি ট্যানারি কারখানা।