‘বিপদের কালো ছায়ায়’ শাকিলের প্রয়োজন ছিল: কাদের
সরকারের সামনে এখনও ‘বিপদের কালো ছায়া’ রয়েছে জানিয়ে এমন সময়ে কলমযোদ্ধা মাহবুবুল হক শাকিলের প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রয়াত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিলের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
ছাত্রলীগের সাবেক নেতাদের আয়োজনে সভার প্রধান আলোচক কাদের বলেন, “আমাদের সামনে বিপদের কালো ছায়া এখনও আছে। এই সময়ে শাকিলের মতো শক্তিশালী কলমযোদ্ধা, সাহসী কবি ও শক্তিমান লেখকের খুব প্রয়োজন ছিল।”
এক্ষেত্রে হলি আর্টিজান বেকারি ও শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার ‘বিভীষিকা’ এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
বক্তব্যে ছাত্রলীগ নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআইয়ের দায়িত্ব হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী থাকাবস্থায় শাকিল কিভাবে মেধার স্বাক্ষর রেখেছিলেন তা তুলে ধরেন ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্যের খসড়া তৈরিতে শাকিলের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার সংবাদ সম্মেলনের জন্য তার লেখা ড্রাফট দেখে আমি মুগ্ধ হয়েছি। গুরুত্বপূর্ণ ড্রাফট নেত্রী (শেখ হাসিনা) তাকে দিয়ে করাতেন।”
তার লেখনীর বৈশিষ্ট্য তুলে ধরে কাদের বলেন, “সহজ ভাষায় ও যুক্তির ভাষায় কঠিন আক্রমণ সে করতে পারত। এটা তার শিল্প এবং শিল্পের বাহাদুরি।”
উপ-প্রেসসচিব থেকে বিশেষ সহকারী হিসেবে পাওয়া শাকিলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মতো স্নেহ করতেন জানিয়ে তিনি বলেন, “অনেক লেখক হয়ত আছেন; কিন্তু সুন্দর বিবৃতির জন্য, সংবাদ সম্মেলনের ম্যাটার তৈরির জন্য নেত্রী শাকিলকে আর পাবেন না। শাকিল ওয়ান পিস।”
শাকিলের কাব্যপ্রতিভা ও চলে যাওয়া ‘প্রেমের, দ্রোহের ও তারুণ্যের’ কবি সুকান্ত ভট্টাচার্যর মতো কি-না সেটা তাকে ভাবাচ্ছে বলে মন্তব্য করেন কাদের।
তিনি বলেন, নানা কারণে শাকিলের মনেও ‘অভিমান ও না বলা কথা’ থাকলেও কখনো ভেঙে পড়তে দেখেননি।
“টিএস এলিয়টের ভাষায়- আন স্পোকেন ভয়েস অব সরো, সেটা তার মধ্যে ছিল। কিন্তু এটা যে তার জীবনের প্রদীপ নিভিয়ে দেবে সেটা আমরা কেউ ভাবিনি।”
স্মরণসভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, মেধাবী ছাত্রনেতা, অসাধারণ সংগঠক থেকে শুরু করে কবি-সাহিত্যিক হিসাবে প্রতিষ্ঠিত শাকিল নির্লোভ ও নিরহঙ্কারী মানুষ ছিলেন। তবে আত্ম-অহংবোধ তার মধ্যে কম ছিল না।
“তার সেই অহংবোধে ছিল বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন; ছিল শেখ হাসিনার লক্ষ্য অর্জনে নিজেকে সপে দেওয়ার অহংবোধ।”
প্রধানমন্ত্রীর প্রেসসচিব এহসানুল করিম স্মরণসভায় বলেন, “অত্যন্ত নিষ্ঠাবান সহকর্মী হিসেবে শাকিলকে পেয়েছি। এমন কোনো কাজ ছিল না যাতে তিনি বলেছেন, ‘এটা করতে পারব না’। আবার মন যা চাইতো তা করতেন, এক ধরনের অস্থিরতা ছিল তার মধ্যে।
“আমি জিজ্ঞেস করতাম, এতো অস্থিরতা কেন? সে হাসতো, জড়িয়ে ধরতো।”
সহকর্মী হিসেবে দেড় বছর সময়ে শাকিলের সঙ্গে কোনো বিষয়ে ‘তর্ক বা মনোমালিন্য’ হয়নি বলে জানান এহসানুল করিম।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার বলেন, “শাকিল আমার বিভাগে এক বছরের জুনিয়র ছিল। তাকে আমরা ওই সময়ে মেধাবী ছাত্রনেতা হিসেবে চিনতাম। তার পাশাপাশি আন্দোলন সংগ্রামেও সে ছিল সক্রিয়।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাকিলের বন্ধু আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, “শাকিলের মতো এমন মানুষ পাওয়া যাবে না যারা দলীয় গণ্ডির বাইরে গিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশতে পারেন, চলতে পারেন ও উড়তে পারেন। হতাশা তাকে কখনো গ্রাস করেনি। কী পেয়েছেন, কী পাননি তা নিয়ে তার আক্ষেপ ছিল না; বর্তমানকে আলিঙ্গন করে এগিয়ে গেছেন।”
একমাত্র কন্যা মৌপি থেকে ৮০ বছরের বয়স্ক সবার সঙ্গে শাকিল বন্ধুর মতো ছিলেন উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, “ইচ্ছার রাজকুমার ছিল সে। ইচ্ছা ও আত্মার সঙ্গে কখনো প্রতারণা করেনি।”
শাকিল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক থাকাবস্থায় ছাত্রলীগের সভাপতি ছিলেন মাইনুদ্দিন হাসান চৌধুরী।
তিনি বলেন, “লেখকসত্তা ও কবিসত্তার সঙ্গে সংগঠক হওয়ার ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত ছিল সে।”
প্রয়াতের বাল্যবন্ধু শরীফুজ্জামান পরাগ স্মরণসভায় বলেন, “খুব ভাল বন্ধু ছিল শাকিল। বন্ধু হলেও ভাইয়ের মতো ছিল সে। এ কারণে শাকিল কেমন ছিল সেটা বুঝতে পারি, আবার অনেক সময় তাকে বুঝতে পারিনি।
“দেশ নিয়ে চিন্তা করতো সবসময়। শুধু রাজনীতি দিয়ে নয়, সাহিত্যকর্ম-চিন্তা সবকিছু দিয়ে।”
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বলেন, “ক্যাম্পাস দখল নয়, হৃদয় দখলের রাজনীতি করতেন শাকিল। নব্বইয়ের দশকের মাঝামাঝিতে অত্যন্ত বৈরি পরিবেশে তখন ছাত্র রাজনীতি করেছেন। সে অবস্থায়ও দলকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার পাশাপাশি প্রতিটি ছাত্রের কাছে নিজেকে পরিচিত করে উপস্থাপন করতে পেরেছেন।”
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিলের বন্ধু খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “ছাত্রলীগ থেকে বিদায়ের দিনের ‘আর কখনো ছাত্রলীগের নেতা হিসাবে মধুর ক্যান্টিনে আসব না, সাবেক হয়ে গেছি,’ বলে কেঁদে দিয়েছিল। ছাত্রলীগের প্রতি তার আবেগ শেষ দিনের দৃশ্য থেকে গভীরভাবে বুঝেছিলাম।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেন, “শাকিল বয়সে আমার ১৫ বছরের ছোটো। আজকে তার স্মরণসভায় আমাকে সভাপতিত্ব করতে হচ্ছে।
“আমার মতো বয়স পেরিয়ে সে যদি আমার স্মরণসভায় সভাপতিত্ব করতো, তবে সেটা হতো অনেক সম্মানের। যেমনটা প্রধান অতিথি বলেছেন, শাকিলের যে মেধা সেটা সুকান্তের মতো, তার চলে যাওয়াও সুকান্তের মতো অকালে।”
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের পরিচালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, অনুষ্ঠানের সমন্বয়ক শাহজাদা মহিউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বক্তব্য দেন।
শাকিলের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের পর শুরু স্মরণসভাটি প্রয়াত শাকিলের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
