২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলায় শুরু হল ‘জয়নুল উৎসব’

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০২তম জন্মবিদস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শুরু হয়েছে ‘জয়নুল উৎসব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 05:20 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

বৃহস্পতিবার সকালে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পী হাশেম খান, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন ও ভারতের শিল্পী যোগেন চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে শিল্পাচার্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগসহ চারুশিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘জয়নুল সম্মাননা’ দেওয়া হয় শিল্পী হাশেম খান, ভারতের শিল্পী-অধ্যাপক যোগেন চৌধুরীকে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে হাশেম খান তুলে ধরেন শিল্পাচার্যের সঙ্গে তার বিভিন্ন স্মৃতির কথা।

“১৯৫৮ সালের কথা বলছি, আইয়ুব খান সামরিক ক্ষমতাবলে রাজনৈতিক চর্চার পথ বন্ধ করে দিলেন। আমি তখন দ্বিতীয় বর্ষের ছাত্র। স্যার ঠিক করলেন, তিনি চারুকলায় লোকশিল্পীদের নিয়ে এক মেলা করলেন। সারা বাংলার লোকশিল্পীদের নিয়ে তিনি এই মেলা করবেন। আমি একে দেখি আমাদের চিত্রকলার এক অনন্য আন্দোলন হিসেবে।”

শিল্পী যোগেন চৌধুরী বলেন, “দেশজ শিল্পের সঙ্গে আধুনিকতার সংযোগ করেছিলেন জয়নুল আবেদিন। চিত্রকলায় যতই বিবর্তন ঘটুক না কেন, ক্যানভাসে মানুষের উপস্থিতি থাকবে, থাকবে জমির মানুষের গল্প। এ বিষয়টি তার কাছ থেকেই শেখা।”

তারপর ‘জয়নুল শতবর্ষ প্রবন্ধাবলী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদু্জ্জামান নূর বলেন, “জয়নুল আবেদিন দাঁড়িয়ে আছেন এক ঈর্ষণীয় জায়গায়। দেশ-বিদেশে আন্তর্জাতিক অঙ্গনের শিল্পীরা তাকে নিয়ে এমনই বলেন।

“আজকে আমরা সঠিক সময়ের মধ্যে নেই, চারপাশে নানা বিভ্রান্তি। এ সময়ে তার দর্শন, বিশ্বাসকে মনে ধারণ করতে হবে। তার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুবা সব আয়োজন বৃথা।”

এ আসরে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ভাস্কর তারক গড়াইয়ের নির্মিত জয়নুল আবেদিনের আবক্ষ মূর্তি উন্মোচন করেন শিল্পাচার্যের সহধর্মিণী জাহানারা আবেদিন।

এরপর চারুকলা অনুষদ প্রাঙ্গণে শুরু হয় ‘জয়নুল মেলা’। বাংলার ঐতিহ্যবাহী লোকজ পণ্যের মেলা জমে ‍উঠে নানাবয়সী মানুষের আনাগোণায়।

এবিকালে শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।