‘থার্টি ফার্স্টে হামলার পরিকল্পনায় ছিল গ্রেপ্তার জঙ্গিরা’
ঢাকার দারুস সালাম থানা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে, ইংরেজি নববর্ষ ঘিরে নাশকতার পরিকল্পনায় ছিল ওই দলটি।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলছেন, পুরনো জেএমবির এই দলটি নাশকতা ঘটাতে ঢাকার একটি বাসায় বিস্ফোরক জড়ো করছিল। তাদের একজন সম্প্রতি ভারতে গিয়ে পলাতক জেএমবি নেতা সালাউদ্দিন সালেহীন ওরফে সানির সঙ্গে দেখা করে ‘নির্দেশনা’ নিয়ে আসে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাইম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান এবং মো. মামুন ওরফে হিমেল।
সন্ত্রাসবিরোধী আইনে দারুস সালাম থানায় মামলা করার পর বুধবার বিকালে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সাইফুল ইসলাম।
শুনানি শেষে মহানগর হাকিম মাহমুদুল হাসান পাঁচ জঙ্গিকে সাতদিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে প্রসিকিশন পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।
দুপুরে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, পুরনো জেএমবি সদস্যরা ছিনতাই ও ডাকাতির মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা করছে, যাদের একটি দল কিছুদিন আগে টাকা ও গয়নাসহ পুলিশের হাতে ধরা পড়ে। তাদের দেওয়া তথ্যেই দারুস সালামে অভিযান চালানো হয়।
“আগের দলটির কাছে কিছু বিস্ফোরক পাওয়া গিয়েছিল। এদের কাছেও তরল ও পাউডারজাতীয় ৩০ কেজি বিস্ফোরক পাওয়া গেছে। কিছু শক্তিশালী এক্সপ্লোসিভও পাওয়া গেছে। তারা থার্টি ফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে সেগুলো সংগ্রহ করেছিল বলে আমরা জানতে পেরেছি।”
রাজশাহী এলাকার ‘দায়িত্বপ্রাপ্ত’ জিয়া, হায়দার ও শহিদুল্লাহ নামের তিন জেএমবি নেতার নির্দেশনা অনুযায়ী জঙ্গিদের এই দলটি বিস্ফোরক সংগ্রহ করে ঢাকার কোনো একটি ‘নিরাপদ স্থানে’ জড়ো করছিল বলে জানান মনিরুল।
“সেখানে বোমা বানিয়ে তা দিয়ে ডাকাতি করে দলের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা ছিল তাদের। এরা যেহেতু নিজেদেরকে দলের এহসার, অর্থাৎ ফুল টাইমার মনে করে, তাই এটা দিয়ে তারা নিজের ও পরিবারের খরচ চালাত।”
মুনিরুল বলছেন, ওই পাঁচ জঙ্গি জেএমবির পুরনো নেতাদের অনুসারী। রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব তাদের নেতৃত্ব দিচ্ছিলেন।
“কিছুদিন আগে ভারত গিয়ে তিনি সালাউদ্দিন সালেহীনের সঙ্গে দেখা করে সেখান থেকে নির্দেশনা নিয়ে ঢাকায় আসেন।”
২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশ হত্যা করে জেএমবির শুরা সদস্য রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং বোমা বিশেষজ্ঞ মিজানকে ছিনিয়ে নেওয়া হয়।
পালানোর পথে ওইদিনই মির্জাপুরে গ্রেপ্তার হন রাকিবুল হাসান। পরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন তিনি। বাকি দুজন বর্তমানে ভারতে অবস্থান করে জেএমবিকে সংগঠিত করতে কাজ করছে বলে দুই দেশের গোয়েন্দাদের ভাষ্য।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স গত সেপ্টেম্বরে বর্ধমান বিস্ফোরণ মামলার অভিযোগপত্রভুক্ত চার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করে, যাদের মধ্যে আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম নামে একজনকে জেএমবির পশ্চিমবঙ্গ শাখার প্রধান বলা হয়।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঢাকায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ওই ফারুকই ত্রিশালে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ‘হোতা’ ফারুক হোসেন ওরফে জামাই ফারুক।
সেই প্রসঙ্গ টেনে মনিরুল বলেন, “ফারুক গ্রেপ্তার হয়েছে, সালেহীনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই দলের অবস্থা অতটা শক্তিশালী না হলেও শক্তি অর্জনের চেষ্টা করছে। সংগঠিত হয়ে ত্রিশালের মত আরও ঘটনা ঘটানোর পরিকল্পনা তারা করছিল।”
আত্মঘাতী শাকিরার স্বামী গ্রেপ্তার হন নভেম্বরে
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, আশকোনায় পুলিশের অভিযানের মধ্যে গ্রেনেড ফাটিয়ে আত্মঘাতী হওয়া শাকিরা ওরফে তাহিরার স্বামী রাশেদুর রহমান সুমন পুলিশের হাতেই রয়েছেন।
তিনি বলেন, “আগে রাশেদুর রহমান সুমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। আশকোনায় আত্মঘাতী হামলায় নিহত নারী তার স্ত্রী। সুমন আগের দল (পুরনো জেএমবি) ছেড়ে নব্য জেএমবিতে জড়িয়ে পড়েছিল। সে গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রী নব্য জেএমবির সঙ্গে চলে যায়।”
গত শনিবার ওই অভিযানের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আত্মঘাতী ওই নারী ‘পলাতক জঙ্গি’ সুমনের স্ত্রী।
আর মঙ্গলবার মনিরুল সাংবাদিকদের বলেছিলেন, “শাকিরার আগের স্বামী ইকবাল ক্যান্সারে মারা গেছেন। বর্তমান স্বামী সুমনকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন খবর রয়েছে। ওই নারী হতাশায় ভুগছিলেন। সেখান থেকেই আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে আমাদের মনে হয়েছে।”
মনিরুল বুধবার সুমনের পুলিশের হাতে থাকার কথা স্বীকার করার পর কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২১ নভেম্বর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি বিস্ফোরকসহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই তিনজনের মধ্যে রাশেদুর রহমান ওরফে সুমনও ছিলেন।
ব্রিফিংয়ে মনিরুল বলেন, “আমরা বিভিন্ন অভিযানে জঙ্গিদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নতুন নতুন নাম পাচ্ছি, নতুন নতুন তথ্য পাচ্ছি। জঙ্গিবাদ দমন একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া। এরা অন্যান্য ক্রিমিনাল গ্যাংয়ের মত নয়। ... যেহেতু এরা রেডিকালাইজড, তাই নতুন নতুন নেতার আবির্ভাব ঘটতে পারে। তবে সফলভাবে তাদের দমন করতে আমরা কাজ করছি।”
অন্যদের মধ্যে কাউন্টার টেরোরিজম পুলিশের উপ কমিশনার মহিবুল ইসলাম ও অতিরিক্ত উপ কমিশনার আবদুল মান্নান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
