যুদ্ধাপরাধ: গাইবান্ধার ৬ জনের বিরুদ্ধে অভিযোগ ১২ মার্চ
যুদ্ধাপরাধের মামলায় গাইবান্ধার ছয়জনের বিরুদ্ধে আগামী ১২ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার প্রসিকিউশনের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য সময় আবেদন করলে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।
গত ২১ ডিসেম্বর গাইবান্ধা সদরের মো. আব্দুল জব্বার মণ্ডল (৮৬), তার ছেলে মো. জাছিজার রহমান ওরফে খোকা (৬৪), মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল (৬২), মো. মোন্তাজ আলী ব্যাপারী ওরফে মমতাজ (৬৮), মো. আজগর হোসেন খান (৬৬), মো. রনজু মিয়ার (৫৯) বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রনজু মিয়া বাদে বাকি পাঁচজন পলাতক।
তদন্ত প্রতিবেদন ওই দিনই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে হস্তান্তর করা হয়।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান এবং সাবিনা ইয়াসমিন মুন্নী।
প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে এ মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানিয়েছি যে, এই ছয় আসামির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি।
“তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য সময় প্রয়োজন। তাই আমরা ট্রাইব্যুনালের কাছে তিন মাসের সময় আবেদন করি। ট্রাইব্যুনাল ১২ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন।”
ছয়জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, দেশত্যাগে বাধ্য করা, হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয় চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে।
