২১ অগাস্ট মামলার পরবর্তী শুনানি বুধবার
একুশে অগাস্ট গ্রেনেড হামলার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ বিশেষ সুপার আব্দুল কাহহার আকন্দকে আসামি মাওলানা শেখ আবদুস সালামের পক্ষে জেরা শেষ হয়েছে।
মঙ্গলবার জেরা শেষে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বুধবার অন্য আসামিপক্ষে জেরার দিন রাখেন।
গত সোমবার আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বুলবুল ও আবু বকর ওরফে সেলিম হওলাদারের পক্ষে কাহহার আকন্দকে জেরা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রসিকিউশন কাউন্সিলের অন্যতম আইনজীবী আবুল কালাম আজাদ।
এনিয়ে মামলাটির ৫১ জন আসামির মধ্যে ১৮ জনের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হলো।
মামলাটিতে আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, প্রাক্তন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আব্দুল হান্নানসহ ২৪ জন কারাগারে এবং বিএনপির চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
মামলার আসামি জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়।
গ্রেনেডের স্পিন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।
