২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্টুডেন্ট ভিসা’ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ‘স্টুডেন্ট ভিসা’ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 09:10 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

এরা হলেন, মো. নাজিম ওরফে নাসির (৩৪) এবং জাহিদুল ইসলাম বাবুল (২৮)।

গ্রেপ্তারের পর তাদের দুইজনের কাছ থেকে প্রতারণার ১৮ লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পিবিআইর অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনা মাহমুদা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মধ্যরাতে নাসিরকে ধানমন্ডির রাপা প্লাজার কাছ থেকে এবং তার দেওয়া তথ্য বাবুলকে পরদিন সকালে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

মিনা মাহমুদা বলেন, রাজধানীর খিলগাঁও এলাকার এই দুই প্রতারক নিজেদের কখনও মন্ত্রীর পিএস, কখনো এপিএস পরিচয় দিয়ে কাজ করে দেবে বলে মোট অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে।

ধানমন্ডির এক নারী তার ‘এ’ লেবেল পাশ করা মেয়েকে যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করার সময় আমেরিকান অ্যাম্বাসির কাছে বাবুলের সঙ্গে পরিচয় হয়। ওই সময় বাবুল নিজেকে এক মন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে ভর্তির ব্যাপারে সব ধরনের সহযোগিতা করতে পারবে বলে জানায়।

পুলিশ কর্মকর্তা মিনা জানান, ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ওই নারীর কাছ থেকে বাবুল এবং তার সহযোহী নাসির ১৮ লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয়। দীর্ঘ প্রায় চার মাসেও ভর্তি করাতে না পারায় অভিযোগটা পিবিআইর কাছে আসে।

“এরপরেই তদন্ত করতে গিয়ে তারা যে প্রতারক তা নিশ্চিত হওয়া যায় এবং কৌশলে তাদের গ্রেপ্তার করে ১৮ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়।”

গ্রেপ্তারের পর তারা আরো এ ধরনের কাজের পাশাপাশি ঠিকাদারি কাজ পাইয়ে দেবে বলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার কথা পিবিআইর কাছে স্বীকার করে বলে জানান পুলিশ কর্মকর্তা মিনা মাহমুদা।