রাজনীতিতে তরুণদের অনীহা গণতন্ত্রের জন্য সুখকর নয়: শিরীন শারমিন
রাজনীতিতে তরুণদের অনীহা গণতন্ত্রের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি আ্যসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির সভায় সিপিএ চেয়ারপারসন শিরীন এ মন্তব্য করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্পিকার সভায় বলেন, “সংসদীয় গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সম্পর্কে বিশ্বব্যাপী জনগণকে শিক্ষিত, সচেতন ও আগ্রহী করে তুলতে হবে।
বিশ্বের জনসংখ্যার এক বৃহৎ অংশ তরুণ সমাজ। বর্তমান তরুণ সমাজের মধ্যে রাজনীতির বিষয়ে অনীহা লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য সুখকর নয়।”
৬২তম কমনওয়েলথ পার্লামেন্টারি কসফারেন্সে (সিপিসি) যোগ দিতে গত শুক্রবার লন্ডন যান বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন।
সিপিসির এবারে প্রতিপাদ্য হলো ‘কোলাবোরেটিভ কমনওয়েলথ: ইউনিটি, ডাইভারসিটি অ্যান্ড কমন চ্যালেঞ্জেস”। ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই সম্মেলন আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তরুণদের রাজনীতিতে আগ্রহী করতে সিপিএর আয়োজন সম্পর্কে শিরীন বলেন, “বিশ্বব্যাপী তরুণ সমাজকে গণতন্ত্র সম্পর্কে আরও আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ‘পার্লামেন্টারী ডেমোক্রেসি’ বিষয়ে রোড শো আয়োজন করেছে এবং কমনওয়েলথের বিভিন্ন অঞ্চলের দেশগুলোতে তা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে।”
সভায় সিপিএ মহাসচিব আকবর খানসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
