‘মানুষের জন্য মানবাধিকার পদক’ পেলেন তৃনমূলের ১০ জন
দেশের তৃণমূল অঞ্চলে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ১০ জন পেলেন ‘মানুষের জন্য মানবাধিকার পদক ২০১৬’।
রোববার রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়।
‘মানুষের জন্য ফাউন্ডেশন’ আয়োজিত এই পদক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
পদকপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের রাজেদা আক্তার, দিনাজপুরের সাবিনা ইয়াছমিন এবং মমেজা বেগম, কিশোরগঞ্জের চম্পা বেগম, গাইবান্ধার অঞ্জলী রানী দেবী, বান্দরবনের উথোয়াইং গ্য মারমা, নেত্রকোনার ফৌজিয়া নাসরিন, ঝিনাইদহের আলেয়া বেগম ও শ্যামলী বসু এবং কুষ্টিয়ার ফিরোজা বেগম।
দেশের তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী ও মানবাধিকার কর্মীদের কাজে স্বীকৃতি ও উৎসাহ বাড়াতে এ পদক দেওয়া হচ্ছে বলে অনুষ্ঠানে জানান মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
দেশের বিভিন্ন তৃণমূল অঞ্চলের প্রায় ৫৪ জন মানবাধিকার কর্মীর মধ্য থেকে ১০ জনকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে বলে তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এই উদ্যোগ 'সকল মানবাধিকার কর্মীদের উৎসাহিত করবে' বলে মন্তব্য করে মানবাধিকার প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দেশের মানুষের সহায়তা কামনা করেন।
“মানুষের অধিকার রক্ষায় যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। তবে পূর্ণ লক্ষ্য অর্জনে আমাদের যেতে হবে আরও অনেক দূর। মানবাধিকার রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি বিভাগের এবং প্রতিটি মানুষের।”
অনুষ্ঠানে উপস্থিত দেশের মানবাধিকার কর্মীরাও দেশে পদকপ্রাপ্তদের প্রশংসা করে ভবিষ্যতে মানবাধিকার প্রতিষ্ঠা ও রক্ষায় দেশের সব স্তরের মানুষদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মানুষের জন্য ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, সরকারের কাছে আমরা অনেক প্রত্যাশা করতে পারি, কিন্তু সরকারের অনেক সীমাবদ্ধতা আছে। সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, তাহলে সরকারের পক্ষে সব কিছু সমাধান করা সম্ভব না।
“সাধারণ মানুষ - আপনি, আমি ও আমাদের উঠে দাঁড়াতে হবে, আমাদের যেমন অধিকার রয়েছে তেমনি আমাদের দায়িত্বও রয়েছে।”
বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন পদক প্রাপ্তদের ‘চেঞ্জ মেকার’ হিসেবে অভিহিত করে বলেন, "মানবাধিকার রক্ষায় কাজ করার জন্য আমরা যেন সবাই সচেষ্ট ভাবে সেই সম্মিলিত জায়গাকে প্রসারিত করি, যেখান থেকে আমরা বলতে পারব মানবাধিকার রক্ষায় আমারা সবাই সচেষ্ট, কারো অধিকার লুণ্ঠিত হলে আমরা এগিয়ে যাই।"
সুলতানা কামাল দেশের বর্তমান অরাজকতা ও অস্থিতিশীলতার পেছনে মানুষের মানবাধিকারের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার অনীহা এবং বোধের অভাবের সংস্কৃতিকে দায়ী করেন।
“যতক্ষণ আমার নিজের কোনো ক্ষতি হচ্ছে না বা অধিকার খর্বিত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমারা সেটাকে মানবাধিকার লঙ্ঘন বলেই স্বীকার করতে চাই না। আমি এবং আমরা মিলে, সকলে উঠে দাঁড়িয়ে এই দেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করতে লড়াই করতে হবে।”
এর আগে মানুষের জন্য ফাউন্ডেশন ২০১০ সালে ১৩ জন, ২০১১ সালে ১০ জন এবং ২০১৮ সালে ১০ জন তৃণমূল পর্যায়ের মানবাধিকার কর্মীদের এ সম্মাননা দেয়।
