২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালদের বাকি ধান ১৫ দিনের মধ্যে দেওয়ার নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালদের বাকি ১৫ একর জমির ধান আগামী ১৫ দিনের মধ্যে কেটে বুঝিয়ে দিতে চিনিকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 02:22 PM

সাঁওতালদের নিরাপত্তার জন‌্য কী কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উচ্ছেদের সময় ভাংচুর-লুটপাটের ঘটনায় কয়টি মামলা হয়েছে- এ বিষয়ে স্থানীয় প্রশাসনের প্রতিবেদন দাখিলের পর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। অপরপক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দীন।

পরে মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসির পক্ষ থেকে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তাতে বলা হয়েছে, এ ঘটনায় ৭ নভেম্বর পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছিল। পরবর্তীতে হত্যা, ঘর পোড়ানো, আহত করা, চুরির অভিযোগ এনে স্বপন মুরমু নামে একজন অজ্ঞাত পরিচয় পাঁচ-ছয়শ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এর ১০ দিন পর সমাজ হেমভ্রম আরেকটি মামলা করতে গেলে পুলিশ এজাহার হিসেবে না নিয়ে সাধারণ ডায়রি হিসেবে নিয়ে স্বপন মুরমুর মামলার সঙ্গে তদন্ত করবে বলে জানায়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাজু জানান,  চিনিকল কর্তৃপক্ষ এবং গাইবান্ধার জেলা প্রশাসকের পক্ষ থেকেও আদালতে দুটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে ৩৪ একর জমির ধান কেটে সংশ্লিষ্ট সাঁওতালদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ একর জমির ধান ‘অপরিপক্ক’ বলে কাটতে আরও কিছুটা সময় লাগবে।

সাঁওতাল পল্লীতে গুলি চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৬ নভেম্বর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় বেসরকারি সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং ব্রতী সমাজকল্যাণ সংস্থা একটি রিট আবেদন দায়ের করে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পরদিন এ বিষয়ে শুনানি নিয়ে হাই কোর্ট গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদ হওয়া সাঁওতালদের ধান তাদের বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয়। একইসঙ্গে তাদের সম্পত্তি ও জানমাল রক্ষায় ‘প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না’- তা জানতে চেয়ে রুল জারি করে।

সেদিন রুল জারির পাশাপাশি সাঁওতালদের নিরাপত্তার জন‌্য কী কী আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উচ্ছেদের সময় ভাংচুর-লুটপাটের ঘটনায় কয়টি মামলা হয়েছে তা ১০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল গাইবান্ধার পুলিশ সুপার ও গোবিন্দগঞ্জ থানার ওসিকে।

এ বিষয়ে শুনানির জন‌্য ৩০ নভেম্বর দিন রেখেছিল আদালত।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এতে তিন সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে। পরে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে মিলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে।

পুরনো খবর:

আরও ১৪৪ বস্তা ধান বুঝে নিল সাঁওতালরা