ইসি নিয়ে খালেদার প্রস্তাবে নতুন কিছু পাননি আইনমন্ত্রী
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন তাতে নতুন কিছু পাননি আইনমন্ত্রী আনিসুল হক।
তবে ওই প্রস্তাবে পরবর্তী জাতীয় নির্বাচন নিয়ে বেশ কিছু বক্তব্য এসেছে জানিয়ে তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে হাতে পাওয়ার পর নির্বাচনকালীন বিষয়গুলো দেখবেন তারা।
বৃহস্পতিবার নিজের মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আপনারা দেখলেন, এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে, এটা কেবল আইন মন্ত্রণালয়ের বিষয় না। এই ব্যাপারটা সারা দেশের।
“আমি শুধু এটুকু বলব, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে অনেক আলাপ আলোচনার পর একটা নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। সেভাবেই নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। নির্বাচন কমিশন তার দায়িত্ব অত্যন্ত সুচারুরূপে পালন করেছে।
“সেক্ষেত্রে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন হচ্ছিল, সেটা পরিবর্তনে এবারের বক্তব্যে কোনো দূরত্ব আমি পাইনি। আমি পড়েছি, আমি পাইনি।”
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব নেবে, তার অধীনেই ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
এবারও ‘সার্চ কমিটি’ করে রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দেবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক আগেই বলেছেন।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন ছাড়াও স্থানীয় অনেক ভোট বর্জনকারী বিএনপি এই কমিশনকে ‘সরকারের আজ্ঞাবহ’ বলে আসছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম নির্বাচন কমিশন না পেলে বিএনপির ‘গণতন্ত্র উদ্ধারের আন্দোলন’ আলোর মুখ দেখবে না বলে দলটির নেতারা বলে আসছেন।
এ প্রেক্ষাপটে ১৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।
সব দলের মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়ে কমিশনার বাছাই কমিটি করার একটি রূপরেখা দিয়েছেন তিনি।
পাশাপাশি কারা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হতে পারবেন আর কারা পারবেন না সে বিষয়েও নিজেদের ভাবনা তুলে ধরেছেন খালেদা জিয়া।
অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব পালনকারী কোনো সরকারি কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে আপত্তি জানিয়েছেন তিনি।
পাশাপাশি কোনো সরকারি কর্তৃপক্ষ বা প্রতিরক্ষা কর্মবিভাগের চাকরি থেকে অবসর, পদত্যাগ বা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ বা চুক্তি বাতিলের পর তিন বছর না পেরোলে তিনি নির্বাচন কমিশনের কোনো দায়িত্বে আসতে পারবেন না বলে খালেদার প্রস্তাব।
তার এই প্রস্তাবের সমালোচনা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর তিনি আস্থা রাখতে পারছেন না। এই বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণের প্রতি তার কোনো আস্থা নেই।”
খালেদা জিয়ার প্রস্তাবে নির্বাচনে সেনা মোতায়েন, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবির সঙ্গে নির্বাচন কর্মকর্তা নিয়োগেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রশাসনে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়েও প্রস্তাব রয়েছে তার।
এগুলোকে ‘নির্বাচনকালীন বিষয়’ উল্লেখ করে আইনমন্ত্রী বলেছেন, “অন্যান্য জিনিস যেগুলো বলা হয়েছে, সেগুলো কিন্তু নির্বাচন কমিশন নিয়ে নয়। সেগুলো নির্বাচনের সময়ের অন্যান্য বিষয়াদি নিয়ে। সেটার ব্যাপারে তারা যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করবেন বলে বলেছেন, ফর্মালি সেই প্রস্তাব যাক, তারপর দেখব।”
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়নে কাজ চলছে বলে অপর এক প্রশ্নের জবাবে জানান আনিসুল হক।
