শিল্পকলায় ঠাকুরবাড়ির গানের আসর
জোড়াসাকোর ঠাকুরবাড়ির অন্দরমহলে নিরাকার ব্রহ্ম উপাসনার গানগুলো রয়ে গিয়েছিল স্মৃতির অগোচরে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানকে দিয়েছিলেন ‘নতুন ব্যঞ্জনা’। পূজা পর্যায়ের গানে সেই গানগুলোকে তিনি তুলে ধরলেন বিশ্বমানবতা আর বৃহৎ এর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে।
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘এমন সুন্দর বিশ্বছবি’ শিরোনামের সংগীত আসরে এসে রবীন্দ্র গবেষকরা তুলে ধরলেন ঠাকুরবাড়ির গানের নানা আঙ্গিক।
ঠাকুরবাড়ির চার প্রজন্মের রচিত গান নিয়ে পশ্চিমবঙ্গের সংগীত প্রতিষ্ঠান ইন্দিরা শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশের রক্তকরবী এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই আয়োজনে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে সত্যেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্রী সুপর্ণা ঠাকুর।
তিনি বলেন, “আজকের এই আয়োজনে এসে আমি যারপরানই আনন্দিত। রক্তকরবী আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। ঠাকুরবাড়ির গানের এত আবেদন, আমি সত্যি অভিভূত।”
সুপর্ণা ঠাকুরের শৈশব কেটেছে জোড়াসাকোর ঠাকুরবাড়িতে।
শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “মায়ের কাছে শুনেছি, আমার জন্মের পর রবীন্দ্রনাথ ঠাকুরের কোলে আমাকে দেওয়া হল। তিনি আমার নাম রাখলেন ‘স-লীলা’। পরে অন্নপ্রাশনে আমার নাম রাখা হয় সুপর্ণা।”
দীর্ঘ সংগীত জীবনে তিনি তালিম নিয়েছেন শৈলজারঞ্জন, অমিয় ঠাকুর, কনিকা বন্দোপাধ্যায়দের কাছে। পরে তিনি খালি গলায় গেয়ে শোনান, ‘কি পাইনে তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি’।
স্বাগত বক্তব্যে লেখক ও গবেষক আবুল মোমেন বলেন, “ঠাকুরবাড়ির গানগুলো সব ধ্রুপদাঙ্গের গান। নিরাকার ব্রহ্ম উপাসনার জন্য রচিত গানগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর যোগ করলেন নতুন ব্যঞ্জনা। তাতে বৃহৎ এর প্রতি ভালোবাসার যে আকুতি, তা সংসারের মধ্য থেকেও খুব সহজে উপলদ্ধি করা যায়।”
দেবেন্দ্রনাথ ঠাকুরের ‘দেহ জ্ঞান ও দিব্য জ্ঞান’ গানটির সম্মেলক পরিবেশনায় সংগীত পর্বটি শুরু হয়। পরে ইন্দিরা ও রক্তকরবীর শিল্পীরা শোনান দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘আজি কি হরষে’, সত্যেন্দ্রনাথ ঠাকুরের ‘কেন ভোল চির’ ও ‘কে রচে এমন সুন্দর বিশ্বছবি’, সৌদামিনী দেবীর ‘প্রভু পুজিব তোমারে’, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের ‘ধন্য তুমি ধন্য’ ও ‘আহ্ কি চাঁদিনী রাত’ ,‘ওই দেখা যায় আনন্দধাম’, ‘জানি তুমি মঙ্গলময়’। তারা আরও পরিবেশন করেন স্বর্ণকুমারী দেবীর ‘দীন দয়াময়’, প্রতিভা দেবীর ‘হরি তোমা বীণে’। ইন্দিরা দেবীর ‘এসো দয়া গলে যাক’, ‘আয় বীণা কোলে’ ও ‘তারে রেখো রেখো তব পায়’, দিনেন্দ্রনাথ ঠাকুরের ‘পলাশ রাঙা বাসনাগুলি’, ‘পথ পাশে মোর রচিনু দেউল’।
সংগীত পর্বে শিল্পীরা আরও পরিবেশন করেন হেমলতা দেবীর ‘বালক প্রাণে আলোক জ্বালি’, বলেন্দ্রনাথ ঠাকুরের ‘অসীম রহস্য মাঝে’, সরলা দেবীর ‘হে বিজন অতিথি’।
পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ধূসর জীবনের গোধূলীতে’ ও ‘কিছুই তো হল না’ পরিবেশন করেন তারা।
