দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির দুই কর্তার আপিল
অর্থ আত্মসাৎ ও পাচারের দুটি মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আপিল করেছেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং ডেসটিনি-২০০০ লিমিটিডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন।
বৃহস্পতিবার আলাদা ভাবে করা দুই আবেদনের শুনানি শেষে আদেশের জন্য ২৪ নভেম্বর দিন ঠিক করেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জেবিএম হাসানের হাই কোর্ট বেঞ্চ।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, “ওনাদের (রফিকুল ও মোহাম্মদ হোসেন) বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে বিচারিক আদালত যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে ফৌজদারি আপিল করেছেন তারা। আজ এ বিষয়ে শুনানি হয়েছে। এখন আদেশের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছে আদালত।”
এর আগে ২৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করে বিচারিক আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে ফৌজদারি আবেদন করেন তারা।
দুর্নীতি দমন কমিশন ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুটি মামলা করে।
তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ১৯ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ৪৬ জনকে আসামি করা হয়।
