বঙ্গভবনের কাছে ট্রাকচাপায় এএসআই নিহত
ঢাকার দিলকুশায় বঙ্গভবনের কাছে ট্রাকচাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে।
নিহত মিজানুর রহমান বঙ্গভবনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন বলে পল্টন থানার ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গভবনে দায়িত্ব পালন শেষে বুধবার রাত ১টার দিকে সেখান থেকে ফিরছিলেন মিজানুর। দৈনিক বাংলা মোড়ের দিকে কিছুটা এগিয়ে গেলে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়।
মিজানুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে ওসি রফিকুল জানান।
