চন্দ্রগ্রস্ত ধরা
একমাত্র উপগ্রহটি ৬৮ বছর পর পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসেছিল, আর তাই উজ্জ্বলতম চাঁদটি দেখার আগ্রহ ছিল পুরো ধরিত্রীজুড়ে।
অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, চিলি থেকে কানাডা- রোব ও সোমবার পৃথিবীজুড়ে সব খানে মুগ্ধতা ছড়িয়েছে এই ‘সুপারমুন’।
১৯৪৮ সালের পর এবারই ১৪ শতাংশ বড় আকার এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বলতা নিয়ে চাঁদ উঁকি দিয়েছিল পৃথিবীর আকাশে।
পৃথিবীর কক্ষপথে প্রতিনিয়ত প্রদক্ষিণরত চাঁদটির সঙ্গে পৃথিবীর দূরত্ব কমে ২ লাখ ২১ হাজার ৫২৪ মাইলে দাঁড়িয়েছিল এসময়।
এই চাঁদ আবার পৃথিবীর মানুষের এত কাছে আসবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর এবং তা আরও ঘনিষ্ঠ হতে পারে বলে জ্যোতির্বিদরা জানাচ্ছেন।
বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু এই চাঁদ কোথায় কেমন দেখাচ্ছিল, তা তুলে এনেছেন রয়টার্সের আলোকচিত্রীরা, তার সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী ধরেছেন ঢাকার আকাশের মোহনীয় চাঁদটিকে।
দক্ষিণ এশিয়ার দেশ নেপালের রাজধানী কাঠমান্ডুর দিগন্তে পর্বতের আড়ালে উঁকি দিচ্ছে ‘সুপারমুন’
আবেশি চাঁদ সিরিয়ার যুদ্ধক্ষেত্রেও
উড্ডীন পতাকা বলে দেয় এই চাঁদ যুক্তরাষ্ট্রের, মিসৌরির ক্যানসাস রাজ্যে ‘পাওয়ার অ্যান্ড লাইট’ ভবনে ঔজ্জ্বল্য ছাপিয়ে উজ্জ্বল চাঁদ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল ডোমের পাশে সুপারমুন
সুপারমুনকে পটভূমিতে রেখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ক্রাইসলার ভবন
ইউরোপের দেশ অস্ট্রিয়ার ভিয়েনার আকাশ থেকে চাঁদ দেখা গিয়েছিল এরকম
যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার ক্যানন বলে মিসৌরি নদী তীরে উঠছে চাঁদ
এ যেন চাঁদের দিকে যাত্রা; ছবিটি যুক্তরাজ্যের লন্ডনের একটি বিনোদন পার্কের
এত কাছে পেয়ে যেন চন্দ্রপানে যাত্রা; যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ছবি
অনেকের দেখা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন হাতের মুঠোয় এনেছিলেন এই লেনিন; কাজাখস্তানে তার ভাস্কর্যের পাশে ওঠা চাঁদটিও তার মুঠোর কাছেই
যুক্তরাজ্যের গ্লাস্টোনবুরির অনেকেই ছিলেন চন্দ্রাহত
মানুষ চাঁদে গেছে পাঁচ দশক আগে, তবে অবশ্যই এই ধরনের উড়োজাহাজে নয়; তবে লন্ডনের আকাশে বিমানটি যেন ছুটছে চন্দ্রের আকর্ষণে
সুপারমুনের সৌন্দর্য অনেককে তুলে এনেছিল অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজে, তবে তাদের সাধে বাদ সেধেছিল মেঘ
তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক গালাতা টাওয়ারের পেছনে মেঘ ফুঁড়ে উঠছে চাঁদ
এশিয়ার দেশ হংকংয়ে ক্রিসমাসের আলোকসজ্জা মিশে গিয়েছিল সুপারমুনে
জার্মানির হানাউয়ে সেইন্ট পিটার্স অ্যান্ড পল চার্চের পটভূমিতে উজ্জ্বল চাঁদ
সোভিয়েত ইউনিয়নের চন্দ্রাভিযানের কর্মসূচি হিসেবে নির্মাণ শুরু হয়েছিল সয়ুজ নভোযান, তবে তাতে সফল হয়েছিল যুক্তরাষ্ট্র; ভেঙে যাওয়া সোভিয়েতের দেশ কাজাকস্তানের ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশনে অপেক্ষমান একটি সয়ুজ নভোযানকে যেন ডাকছে চাঁদ
ঢাকায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের কলরব ছাপিয়ে আকাশে ওঠা উজ্জ্বল এই চাঁদকে নিজের ক্যামেরায় ধরেছেন মোস্তাফিজুর রহমান
