চারুকলায় শুরু শিল্পকর্ম প্রদর্শনী ‘ছক্কা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ‘ছক্কা’ শিরোনামে শুরু হয়েছে ছয় নবীন শিল্পীর এক দলীয় শিল্পকর্ম প্রদর্শনী।
প্রদর্শনীর ছয় শিল্পী হলেন- মাহমুদা সিদ্দিকা, আখিনুর বিনতে আলী, জিন্নাতুন জান্নাত, অনিক ভৌমিক, সুস্মিতা সাহা রিমি এবং প্রিন্স কুমার শীল।
প্রদর্শনীটি ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই আয়োজনে জলরং, কাঠ খোদাই, মেটাল, ওয়াশ ও ভাস্কর্যসহ বিভিন্ন মাধ্যমের কাজ প্রদর্শিত হবে।
অনুষ্ঠানে প্রদর্শনী সম্পর্কে তারা বলেন, এ ধরনের সম্মিলিত আয়োজন আরও বেশি করা উচিত। এটি করলে সাহস যেমন পাওয়া যায় তেমনি সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণাও পাওয়া যায়।
