চীনের সাবমেরিন দুটি পেয়েছে বাংলাদেশ
চীনে তৈরি দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ওই দেশের সরকার, দেশে এলে যেগুলো বানৌজা ‘নবযাত্রা’ ও বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌবহরে যুক্ত হবে।
দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে সোমবার এক অনুষ্ঠানে বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে চীনের রিয়ার অ্যাডমিরাল লিউ জি ঝু সাবমেরিন দুটি হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ৭৬ মিটার এগুলো দৈর্ঘ্য ও ৭ দশমিক ৬ মিটার প্রস্থের ডিজেল ইলেকট্রিক সাবমেরিন দুটি বাংলাদেশ নৌবাহিনীর জন্য তৈরি করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবমেরিন দুটি বাংলাদেশে আনতে ইতোমধ্যে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের যৌথ তত্ত্বাবধানে বাস্তব প্রশিক্ষণ ও ‘সি ট্রায়াল’ সফলভাবে শেষ হয়েছে।
“০৩৫ জি ক্লাসের সাবমেরিন দুটি খুব শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে এবং আগামী বছরের শুরুতে বানৌজা ‘নবযাত্রা’ এবং বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌ বহরে যুক্ত হবে বলে আশা করা যায়।”
সাবমেরিন দুটি নতুন করে সজ্জিতকরণ ও ক্রুদের প্রশিক্ষণ দেওয়ায় চীন নৌবাহিনীর প্রশংসাও করেন নৌপ্রধান।
