সেই গণআদালত প্রামাণ্যচিত্রে
শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যে আন্দোলনের ধারাবাহিকতায় যুদ্ধাপরাধের বিচার চলছে এখন, সেই আন্দোলনের গুরুত্বপূর্ণ ক্ষণগুলো সেলুলয়েডে ধারণ করেছিলেন কাওসার চৌধুরী।
সেসব নিয়ে ‘গণআদালত’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি। বৃহস্পতিবার তা উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
১৯৯২ সালের ২৬ মার্চ গোলাম আযমের প্রতীকী বিচার করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গণআদালতের অনেক দুর্লভ চিত্র ৩৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে।
অনুষ্ঠানে কাওসার চৌধুরী বলেন, বাহাত্তর থেকে বিরানব্বই হয়ে বর্তমান পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ক্ষুদ্র একটি চলচ্চিত্রিক প্রতিবেদন এই ‘গণআদালত’।
নিজের ধারণা করা ফুটেজ ২৪ বছর পর প্রকাশের কারণ হিসেবে তিনি বলেন, “আমি তরুণদের জন্য অপেক্ষা করেছি। আরেকটি প্রজন্মের হাতে যেন বাঙালির সংগ্রামের ইতিহাস আমি দিয়ে যেতে পারি, সে জন্য অপেক্ষা করেছি।”
স্বাধীনতার পর একাত্তরের ঘাতকদের বেঁচে যাওয়ার প্রেক্ষাপটে ২০ বছর পর বিচার দাবির আন্দোলন শুরু করেছিলেন জাহানারা ইমাম, ঘাতক-দালাল নির্মূল কমিটির মাধ্যমে।
দীর্ঘদিন উপেক্ষিত সে দাবি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বাস্তবায়নের উদ্যোগ নিলেও জাহানারা ইমামের আন্দোলনের চেতনায় তিন বছর আগে তরুণ সমাজের সক্রিয়তায় শুরু হয় গণজাগরণ।
কাওসার চৌধুরী (ডানে)
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু বলেন, “৯২ এর গণআদালত আজকের আইনের আদালত, যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি।”
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও বেশি চলচ্চিত্র-প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য সবাইকে উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “কাওসার একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। এই প্রামাণ্যচিত্র আমাদের দেশের আর্কাইভের জন্য অনেক বড় সম্পদ।”
সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে এই অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলও ছিলেন।
এবছর সরকারি অনুদান পাওয়া ১২টি চলচ্চিত্রের মধ্যে কাওসার চৌধুরীর ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্যচিত্রটি রয়েছে।
