২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরের ধ্বংসযজ্ঞ একাত্তরের ‘নারকীয়তা’ তুল‌্য: শিরিন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্ত মন্দির ও ঘর-বাড়ি ঘুরে দেখে জাসদ নেতা শিরিন আখতার বলেছেন, এখানে হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির যেভাবে ভাঙা হয়েছে তার তুলনা করা যায় একাত্তরের ‘নারকীয়তার’ সঙ্গে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 10:35 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

হামলার শিকারদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই সংসদ সদস‌্য।

ফেইসবুকে ধর্মঅবমাননার অভিযোগ তুলে গত রোববারনাসিরনগরের কয়েকটি হিন্দু পাড়ায় হামলা চালায় কয়েকশ মানুষ। এ সময় ১৫টি মন্দিরের পাশপাশি দেড় শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা ও মন্দির পরিদর্শন করেনজাসদের সাধারণ সম্পাদক শিরিন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরের মূর্তিগুলো যেভাবে ভেঙেছে একে ’৭১ এর নারকীয় হামলার ছবির সাথে তুলনা করা যায়।হামলাকারীরা পরিকল্পিতভাবে হামলা করেছে বলে আমরা মনে করি।”

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শিরিন আখতার বলেন, “একাত্তরে বাংলাদেশকে যেভাবে সকল ধর্মের মানুষ মিলে জয়ী করে তুলেছে এখনও আবার সকলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একত্রিতভাবে কাজ করতে হবে।”

হামলা ঠেকাতে প্রশাসনের কোনো গাফিলতি ছ্লি কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান এই সংসদ সদস‌্য।

“এখানে যদি প্রশাসনের কারো কোনো গফিলতি পাওয়া যায় তাদেরও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না,” বলেন তিনি।

জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ার, তথ্য ও গবেষণা সম্পাদক জুলফিকার মান্নান জামি, সদস্য রোকেয়া সুলতানাসহ জেলা নেতারা এসময় তার সঙ্গে ছিলেন।