সোনা চোরাচালান: মালয়েশীয় নারীর ১৪ বছর কারাদণ্ড
সোনা চোরাচালানের মামলায় বাসলিনা বিনতে রাজা মালেক নামে মালয়েশিয়ার এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান বুধবার কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করেন।
জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে বলে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাহউদ্দিন হাওলাদার জানিয়েছেন।
রায়ের বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৮ অক্টোবর মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মালয়েশিয়ার নাগরিক বাসলিনা।
গোপন সংবাদের বিমানবন্দর শুল্ক বিভাগ ও এপিবিএন সদস্যরা ওই নারীকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ছয়টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ছিল এক কেজি।
এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব এ খোদা বিমানবন্দর থানায় একটি মামলা করেন।
২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি বাসলিনার বিরুদ্ধে অভিযোগপত্র দেন এসআই কামরুল হাসান তালকুদার। ওই বছরের ১১ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলায় সাক্ষ্য দিয়েছেন ১০ জন।
আইনজীবী সালাহউদ্দিন বলেন, “রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে ওই নারী কিংবা তার আইনজীবী কিছু জানাননি।”
