২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ‌্যপ্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশ-থাইল্যান্ড কাঠামো চুক্তি

সাইবার নিরাপত্তা, ই-গভর্ননেন্স ও আইটি শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করতে থাইল্যান্ডের সঙ্গে কাঠামো চুক্তি করেছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2016, 03:39 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার ব্যাংককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকের সাথে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এসিএম প্রাজিন জানটং এর দ্বিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকের পর থাইল্যান্ডের মিনিস্ট্রি অব ডিজিটাল ইকোনমি অ‌্যান্ড সোসাইটি এবং বাংলাদেশের আইসিটি বিভাগের মধ্যে ওই কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়।

এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ের পরবর্তী বৈঠক বাংলাদেশের রাজধানী ঢাকায় হবে বলে সিদ্ধান্ত  হয় ওই বৈঠকে।

থাই উপ-প্রধানমন্ত্রী ছাড়াও শ্রীলঙ্কার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সুশীল প্রেমাজয়ন্ত, ভিয়েতনামের আইসিটি মন্ত্রী রুডলফো সালালিমা এবং ইউএন এসকাপ এর আন্ডার সেক্রেটারির সঙ্গেও প্রতিমন্ত্রী পলক আলাদা বৈঠক করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ইউএন-এসকাপের আন্ডার সেক্রেটারি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রসংশা করেন।

মঙ্গলবার ব্যাংককে ইউএন-এসকাপ ও ইন্টারনেট সোসাইটির উচ্চ পর্যায়ের ফোরামে বাংলাদেশকে আগামী এক বছরের জন্য এশিয়া-প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যন নির্বাচিত করা হয়।