২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসনেবাদ টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ বরখাস্ত

আর্থিক অনিয়ম, দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে কুষ্টিয়ার হোসনেবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বিভাগীয় মামলা হওয়ায় তাকে বরখাস্ত করে গত মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, গত ২১ অগাস্ট কারিগরি অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) হোসনেবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে মোশারফের বিরুদ্ধে ‘অ্যাকাডেমিক ও প্রশাসনিক অদক্ষতা, কোচিং বাণিজ্য, আর্থিক অনিয়ম ও অসঙ্গতি, স্বেচ্ছাচারিতা, দুর্নীতিসহ নিয়মিত অফিসে উপস্থিত না থাকার’ প্রাথমিক প্রমাণ পান।

এরপর মোশারফের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধা পাবেন।