প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন বাংলাদেশের
জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুসমর্থন করেছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে চুক্তি অনুসমর্থনের নথি জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের কাছে হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর মধ্য দিয়ে প্রথমদিকে যেসব দেশ প্যারিস জলবায়ু চুক্তি অনুসমর্থন করেছে তার একটি হলো বাংলাদেশ।
“এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের দৃঢ় প্রত্যয় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে,” বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে তেমন ভূমিকা না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লাগাম টানতে গত বছর প্যারিস জলবায়ু সম্মেলনে গৃহীত ওই চুক্তিতে বাংলাদেশ গত ২২ এপ্রিল সই করে।
বিশ্বে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী অন্তত ৫৫টি দেশ অনুসমর্থন করলে এই চুক্তি কার্যকর হবে।
কয়েক বছরের আলোচনার পর গৃহীত এই চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়।
