‘অসাবধানী’ পুলিশের গুলিতে রিকশাচালক আহত
ঢাকার পল্টনে দুপুর বেলা পুলিশের শটগানের গুলিতে এক রিকশাচালক আহত হয়েছেন, অসাবধানতার কারণে গুলি বেরিয়ে গিয়েছিল বলে দাবি করা হচ্ছে।
পল্টন মোড়ে গুলিবিদ্ধ মো. হানিফ (৩৫) নামে ওই রিকশাচালককে মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পল্টন মোড়ে দায়িত্বরত এক কনস্টেবলের হাতে থাকা শটগানের গুলিতে হানিফ আহত হন বলে ঢামেক পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পুলিশ সদস্যরা জানিয়েছেন।
শটগানের ছড়রা গুলি রিকশাচালক হানিফের হাতে, বুকে, পিঠে লেগেছে।
এই বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে সেখানে দায়িত্বরত এক কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে যায়। এতেই ওই রিকশাচালক আহত হন।”
পল্টন থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত রিকশাচালকের চিকিৎসার ব্যবস্থা করেছেন তারা।
গুলি বেরিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে জানিয়ে উপকমিশনার আনোয়ার বলেন, “ওই কনস্টেবলের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
