অবৈধ বেতারযন্ত্র: অভিযানে নামছে বিটিআরসি
অবৈধ বেতারযন্ত্র শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সারা দেশে অভিযান পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সোমবার এক সতর্কবানীতে বিটিআরসি জানিয়েছে, অবৈধ বেতারযন্ত্র বিক্রয়কারীদের বিরুদ্ধে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত এই বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শ্রেণির ‘অসাধু ব্যবসায়ী, বিক্রেতা, সংস্থা বা ব্যক্তি’ বিটিআরসির অনুমোদন না নিয়েই মোবাইল হ্যান্ডসেট, ট্যাবলেট পিসি, ওয়াকিটকি, বেইজ, রিপিটার, ফিক্সড ওয়্যারলেস ফোন, মডেমসহ বিভিন্ন ধরনের বেতারযন্ত্র আমদানি, বিতরণ, পরিবেশন বা বিক্রি করছে।
এসব অবৈধ বেতারযন্ত্র শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দেশব্যাপী অভিযান চালানোর কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘হেলথকেয়ার রোবট, স্পাইং ডিভাইস এবং নেটওয়ার্কিং সামগ্রীর’ একটি চালান আটক হয়, যেগুলো আমদানি করা হয়েছে মিথ্যা ঘোষণা দিয়ে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের মেসার্স গ্লোবাল কমিউনিকেশন্স নামের একটি প্রতিষ্ঠান ‘খেলনা ও কম্পিউটার’ সামগ্রীর নাম করে চীন থেকে এসব যন্ত্রপাতি আমদানি করে।
