২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাঙ্গনগুলো মুক্ত করুন: ছাত্র ইউনিয়ন

বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্থাপনা অন‌্য কাজে ব‌্যবহার বন্ধে কঠোর হতে সরকারের প্রতি দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 05:52 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

‘শিক্ষা দিবস উপলক্ষে’ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এই দাবি জানায় বাম ছাত্র সংগঠনটি।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন সেনগুপ্ত বলেন, “অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদানের কাজ বন্ধ রেখে ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে।

“কোনো খানে মেলা চলছে, কোনো খানে গরুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে এবং কিছু বিদ্যালয় আবার কমিউনিটি সেন্টার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।”

পাকিস্তান আমলে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর গণবিরোধী শিক্ষা নীতির প্রতিবাদে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সংগঠনগুলোর কর্মসূচিতে পুলিশের গুলিতে ছাত্র নিহতের পর থেকে দিনটি ‘শিক্ষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর শাখা আয়োজিত আগাম এই কর্মসূচি থেকে শিক্ষার ‘বাণিজ্যিকীকরণ’ বন্ধের দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার বলেন, “আজকে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সর্বস্তরেই শিক্ষাকে পণ্যে রূপান্তরিত করা হয়েছে।

“বাজারে যেভাবে পণ্য বিক্রি করা হয়, মৌলিক অধিকার শিক্ষাকেও সেভাবে বিক্রি করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এর বিরুদ্ধে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।”

সুমন সেনগুপ্ত বলেন, “বিভিন্ন কিন্ডার গার্ডেন, ইংলিশ মিডিয়ামের নামে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণে অর্থ। শিক্ষা মন্ত্রণালয়ে বারবার জানানো সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

সমাবেশ থেকে কোচিং সেন্টার এবং নোট-গাইড বই বন্ধের দাবি জানানো হয়।

সোহাগী জাহান তনুসহ সম্প্রতি সব শিক্ষার্থী হত‌্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবিও জানিয়েছে ছাত্র ইউনিয়ন।

ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সভাপতি অনিক রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জি এম রাব্বি, সাংগঠনিক সম্পাদক জহর লাল, সহ-সভাপতি দীপক শীল ও সদস্য ঋদ্ধ অনিন্দ্য প্রমুখ।