মীর কাসেমের ফাঁসির অপেক্ষায় শাহবাগে অবস্থান
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির মধ্যে শাহবাগে অবস্থান নিয়েছে যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মীরা।
একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগী আল-বদর বাহিনীর চট্টগ্রামের কমান্ডার মীর কাসেমের মৃত্যু পরোয়ানা শনিবার দুপুরে পৌঁছেছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। তার সঙ্গে ‘শেষ দেখা’ করে এসেছেন স্বজনরা।
বিকালেই কাশিমপুর কারাগার ঘিরে বাড়ানো হয় নিরাপত্তা। এর মধ্যে সন্ধ্যা ৭টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
মীর কাসেমের ফাঁসি কার্যকর, যুদ্ধাপরাধের বিচার দ্রুত করা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে শ্লোগান দিচ্ছেন জাগরণ মঞ্চের কর্মীরা।
সম্ভাব্য দ্রুততম সময়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায় কার্যকর যতো দীর্ঘায়িত হচ্ছে ততোই তারা নানা ধরনের তৎপরতা অব্যাহত রেখেছে বিশ্বব্যাপী।
“তারা লবিং-তবদির করে মীর কাসেমের রায় কার্যকর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ কারণেই কালক্ষেপণ না করে যতো শিগগির সম্ভব এই রায় কার্যকর করা হোক।”
মীর কাসেমের দণ্ড কার্যকরের মধ্য দিয়ে একটা যুগের অবসান ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেন ইমরান।
তিনি বলেন, “আমরা মনে করি, এই রায় কার্যকরের মধ্য দিয়ে একটা যুগের অবসান ঘটতে যাচ্ছে, যে যুগটি ছিল সেই যুদ্ধাপরাধী যারা একদিকে মানবতাবিরোধী অপরাধ করেছে অপরদিকে স্বাধীনতার পরে তারাই আবার এই যুদ্ধাপরাধী সংগঠন নতুনভাবে সংগঠিত করেছিল এই বাংলাদেশে।
“সেই যুদ্ধাপরাধীদের যুগের কিন্তু অবসান হতে যাচ্ছে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় কার্যকরের মধ্য দিয়েই।”
একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর কমিটির সভাপতি ছিলেন মীর কাসেম আলী। সে সময় চট্টগ্রামে আল-বদর বাহিনীর নেতৃত্ব দেন তিনি।
স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ হলেও পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হয় যুদ্ধাপরাধীরা।
এ সময় জামায়াতে ইসলামী রাজনীতিতে ফেরার পর তাদের ছাত্র সংগঠন নাম বদলে হয় ইসলামী ছাত্র শিবির, যার প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর কাসেম।
তার রায় কার্যকরে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা সহজ হবে বলেও মনে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “মীর কাসেমের রায় কার্যকরের মধ্য দিয়ে একদিকে একটি যুগের অবসান হচ্ছে। আরেক দিকে মীর কাসেম আলী যেহেতু জামায়াতে ইসলামীর প্রধান অর্থ যোগানদাতা ছিল, তাই তার ফাঁসির মধ্য দিয়ে জামায়াত একটি নতুন সংকটে পড়বে, অর্থের যোগান বন্ধ হয়ে যাচ্ছে।
“আমরা মনে করছি, এতে জামায়াতকে নিষিদ্ধ করা সহজ হয়ে যাবে।”
মীর কাসেমের দণ্ড কার্যকরের পর জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
