২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনে ভিড় ‘উধাও’ কমলাপুরে

কোরবানির ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রির শেষ দিন অনেকটাই পাল্টে গেছে ঢাকার কমলাপুর রেলস্টেশনের চিত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 12:42 PM

Updated : 11 Oct 2022, 08:41 PM

পুরনো খবর:

ট্রেনের আগাম টিকেট: ৪র্থ দিনে স্বস্তির সঙ্গে আক্ষেপও

আগাম টিকেটের জন্য গত চারদিনের মতো ভিড় দেখা যায়নি শুক্রবার। কাঙ্ক্ষিত টিকেট পেতে কোনো সমস‌্যা না হওয়ায় ছিল না কোনো আক্ষেপ-অভিযোগও।

শুক্রবার সকাল ৮টায় শুরু হয় টিকেট বিক্রি। এদিন দেওয়া হচ্ছে ১১ সেপ্টেম্বর ঈদযাত্রার আগাম টিকেট।

শুক্রবার চাঁদ দেখা গেলে বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১২ সেপ্টেম্বর। সে বিষয়টি মাথায় রেখেই পাঁচদিন ধরে ট্রেনের আগাম টিকেট বিক্রি করেছে রেলওয়ে।

শুক্রবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রামের তূর্ণা নিশীথা, মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস এবং নোয়াখালীর উপকূল এক্সপ্রেসের কাউন্টার একেবারে ফাঁকা হয়ে যায়।

এদিন ৭ নম্বর কাউন্টারে সুবর্ণ, সোনারবাংলা এক্সপ্রেস এবং মহানগর প্রভাতি ট্রেনের টিকেট বিক্রি হচ্ছে। সেখানে যাত্রীদের কিছুটা ভিড় থাকলেও তা গত কয়েকদিনের মতো নয়।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় প্রতিদিন কমলাপুর থেকে ৬৯টা ট্রেন ছেড়ে যাবে।

কমলাপুর ছাড়াও বিমানবন্দর এবং চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর ও লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকেও অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে কমলাপুরের ২৩টি কাউন্টার থেকে শুরু হয় অগ্রিম টিকেট বিক্রি।

১১ সেপ্টেম্বর চট্টগ্রামের টিকেটের জন্য বৃহস্পতিবার ভোর ৫টায় কাউন্টার আসেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা মো. জয়নাল আবেদিন।

তার ধারণা ছিল দুপুর ১২টার আগে টিকেট কিনতে পারবেন না। তবে সকাল পৌনে ১০টার মধ‌্যেই কাঙ্ক্ষিত টিকেট পেয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভাবছিলাম টিকেট পাইতে ১২টা বাজবে। এত আগে পাব ভাবি নাই! খুব খুশি লাগছে, একটু অবাকও লাগছে!”

সকাল ৯টার পর সিলেটগামী ট্রেনের কাউন্টারে কোনো টিকেটপ্রত্যাশীকে দেখা যায়নি। প্রায় একই অবস্থা ছিল খুলনা, মোহনগঞ্জগামী ট্রেনের টিকেট কাউন্টারেও।

কিশোরগঞ্জের ট্রেনের টিকেট কাউন্টারও ছিল প্রায় ফাঁকা। সকাল সোয়া ১০টায় নারীদের জন্য নির্ধারিত কাউন্টারের লাইনে ছিলেন মাত্র দুজন।

মোহনগঞ্জের টিকেট কাউন্টারের টিকেট বিক্রেতা মো. আল আমিন বলেন, “আজ একেবারেই ভিড় নেই। প্রথম দুইঘণ্টায় আমার কাউন্টারে ভিড় ছিল। এখন তো কেউ নাই।”

অবশ‌্য সকালে রাজশাহীসহ উত্তরবঙ্গ এবং জামালপুরগামী ট্রেনের টিকেট কাউন্টারে কিছুটা ভিড় দেখা গেছে। তবে তাও গত চারদিনের মতো নয়।

ওষুধ কোম্পানির কর্মকর্তা আবদুল ওয়াহাব রাজশাহীর টিকেটের জন্য ভোর ৪টায় কাউন্টারে এসেছিলেন। সকাল সাড়ে ৯টার মধ‌্যে টিকেট পেয়ে দারুণ খুশি তিনি।

“এতো তাড়াতাড়ি টিকেট পেয়ে গেলাম। তাও এসি! দারুণ লাগছে।”

সরকারি কর্মকমিশনের কর্মকর্তা জামালপুরের মোহাম্মদ ইব্রাহিম স্টেশনে এসেছিলেন সকাল ৭টায়। সকাল ১০টার দিকে টিকেট পেয়ে যান তিনিও।

জামালপুরের একটি ট্রেনের টিকেটের জন্য বৃহস্পতিবার বিকাল ৫টায় স্টেশনে আসেন নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানার কর্মকর্তা আনিসুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ‌্যে টিকেট পেয়েও সন্তুষ্ট তিনি।

“৯, ১০ তারিখে টিকেটের জন্য ভিড় বেশি থাকে জানা ছিল। এছাড়া অফিস ছুটিরও ব্যাপার আছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলাম। তাও অন্য সময়ের তুলনায় তা অনেক কম।”

রেলওয়ে জানিয়েছে, বহরে থাকা একহাজার ছয়টি কোচের সঙ্গে আরও ১৪০টি কোচ যোগ করা হয়েছে। নিয়মিতভাবে চলাচলকারী ২০২টি ইঞ্জিনের সঙ্গে যুক্ত হয়েছে আরও ১৮টি ইঞ্জিন। এবার ঈদে সারাদেশে প্রতিদিন প্রায় ২ লাখ ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে তারা।

৭ সেপ্টেম্বর থেকে ঈদের আগের দিন পর্যন্ত উপকূল এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ছাড়া অন্য সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বিরতি থাকবে না।

ঈদের তিন দিন আগ থেকে আগামী ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ঈদের পরের সাত দিন আগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিন জোড়া করে বিশেষ ট্রেন চলবে।

ঈদকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা রেল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। রেল ভবনে একটি কন্ট্রোল রুম করা হয়েছে, সেখান থেকে তারা দায়িত্ব পালন করবেন।

নতুন সাজে চার ট্রেন

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন সেজেছে নতুন সাজে। পুরনো কোচের পরিবর্তে এসব ট্রেনে যুক্ত করা হয়েছে নতুন কোচ।

শুক্রবার সকাল ৬টা ৩৫ মিনিটে সিলেটগামী পারাবাত, সকাল ৭টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ রুটের তিস্তা এবং সকাল ১০টায় নতুন ব্রডগেজ কোচযুক্ত দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।

সেখানে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ব্রডগেজ কোচ সংযুক্ত করে চালু করা হবে। এছাড়া ঢাকা-মোহনগঞ্জ রুটে আগামী ৮ সেপ্টেম্বর থেকে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হবে।

রেলমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি সরকারের আমলে রেলের কোনো উন্নয়ন হয়নি। ট্রেনে ইঞ্জিন, কোচসহ কিছুই আমদানি করা হয়নি। রেল ছিল অবহেলিত।

বর্তমান সরকারের সময় রেলওয়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে দাবি করে তিনি বলেন, এজন্য ৪৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

ভবিষ্যতে রেলের ইঞ্জিন সংকট হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, নতুন কিছু ইঞ্জিন কেনার প্রক্রিয়া চলছে। কেনা হলে পুরাতন ইঞ্জিনের জায়গায় নতুন ইঞ্জিন যোগ হবে।

“রেলের বহরে নতুন ৪৬টি ইঞ্জিন এসেছে। আরও ৭০টি ইঞ্জিন আনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এগুলো আসলে ইঞ্জিনের কোনো সমস্যা থাকবে না।”