বঙ্গবন্ধুর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার সংসদ ভবনে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৪১তম বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংসদ সচিবালয়ের এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, “বঙ্গবন্ধু সাধারণ মানুষের দুঃখ দুর্দশা গভীরভাবে উপলদ্ধি করতেন। তাই তিনি সারাটা জীবন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং নিজের জীবন উৎসর্গ করে বাঙ্গালি জাতির অধিকার প্রতিষ্ঠা করে গেছেন।
“তার আদর্শ ও দর্শনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।”
শিরীন শারমিন বলেন, “বঙ্গবন্ধু স্বাধীনতা উত্তর যখন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার কর্মসূচি গ্রহণ করেছিলেন, ঠিক তখন একাত্তরের কুচক্রীমহল নির্মম নিষ্ঠুরভাবে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যা করে।”
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে স্পিকার বলেন, “তিনি ২০২১ সালের মধ্যে দেশকে মধ্য আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।”
প্রধানমন্ত্রীর এ সকল কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে চিফ হুইপ আ সম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, শহিদুজ্জামান সরকার, ইকবালুর রহিম ও মো. শাহাবুদ্দিন এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
