২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সভামঞ্চের পাশে বোমা: তদন্ত কর্তাকে বিচারকের ভর্ৎসনা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভা মঞ্চের পাশ থেকে ৭৬ কেজি বোমা উদ্ধারের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় যথাযথ প্রস্তুতি না থাকায় মামলার প্রথম তদন্ত কর্মকর্তাকে ভর্ৎসনা করেছেন বিচারক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 01:01 AM

Updated : 20 Aug 2022, 01:27 PM

অবসরে যাওয়া পুলিশ পরিদর্শক মীর মহিউদ্দিন এ মামলায় রাষ্ট্রপক্ষের ঊনষাটতম সাক্ষী হিসাবে রোববার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

মামলার জব্দ তালিকা, আলামত ও তদন্ত সম্পর্কে বার বার ভুল করায় এবং জেরার উত্তরে বার বার ‘মনে নেই’ বলায় বিচারক মমতাজ বেগম বিষয়টি নিয়ে তার অবহেলা রয়েছে বলে তাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন।

তিনি বলেন, “এসব অযোগ্য পুলিশ কর্তাদের কারণে হাজারো স্পর্শকাতর ও জনগুরুত্ব সম্পন্ন মামলার বিচার ঠিকমতো করা যায় না।”

“অনেক আগের ঘটনা সে কারণে আমার ততো মনে নেই” সাক্ষী একথা বললে বিচারক তার কাজে নিষ্ঠা নেই মন্তব্য করে বলেন, “সকালে এসে মামলার নথিপত্র দেখতে পারেন না?”

এ মামলায় রাষ্ট্রপক্ষে ৮৯ জন সাক্ষী রয়েছে।

তদন্ত কর্তা সাক্ষ্য দেওয়ার সময় কয়েকটি আলামত ট্রাইব্যুনালে উপস্থাপন করেন, যেগুলো প্রদর্শনী হিসাবে গ্রহণ করা হয়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ শামসুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সাক্ষীর সাক্ষ্য ভালো হয়নি। আরেকজন তদন্ত কর্তা রয়েছেন। তাকে  ভালো করে শিখিয়ে পড়িয়ে সাক্ষ্য দেওয়াব।”

এই আরেকজন তদন্ত কর্মকর্তা হচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী সুপার মুন্সী আতিকুর রহমান, যিনি ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সভায় গ্রেনেড হামলা মামলার আসামি।

এর আগে এ মামলায় অপর তদন্ত কর্তা সিআইডির অন্য একজন সহকারী সুপার নজরুল ইসলাম সাক্ষ্য দেন বলে নথি সূত্রে জানা যায়।

আগামী ২১ অগাস্ট আলোচিত এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে।

মীর মহিউদ্দিন জবানবন্দিতে বলেন, “আমি বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনের এ মামলার প্রথম আইও। আমি ২০০০ সালের ২০ জুলাইয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলাম। আমি মুফতি হান্নানের কাছ থেকে বোমার আলামত উদ্ধার করি।”

মামলার প্রধান আসামি মুফতি হান্নানের আইনজীবীর একটি জেরার উত্তরে তিনি বলেন, “এজাহারে এ মামলা দায়েরে বিলম্বের ব্যাখ্যা নাই। হেলিকপ্টার নামার হেলিপ্যাডের কথা লেখা নাই।” 

২০০০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জনসভার জন্য কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ে মঞ্চ তৈরির সময় পাশের একটি দোকানের সামনে পুঁতে রাখা ৭৬ কেজি বোমা উদ্ধার করা হয়। এর দুই দিন পর ২২ জুলাই সেখানে ভাষণ দেওয়ার কথা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এ ঘটনায় কোটালীপাড়া থানার উপপরিদর্শক নূর হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।

জনগুরুত্বসম্পন্ন, স্পর্শকাতর ও আলোচিত হওয়ার কারণে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ২০১০ সালের সেপ্টেম্বরে গোপালগঞ্জের আদালত থেকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

পরে সেখান থেকে ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে মামলার নথি।

২০১০ সালের অক্টোবরে ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেও এই ট্রাইব্যুনালে প্রায় দুই বছরে একজনেরও সাক্ষ্য নেওয়া হয়নি।          

এ মামলার ২৫ আসামির মধ্যে মুফতি হান্নানসহ ৯ আসামি কারাগারে, একজন জামিনে এবং ১৫ জন পলাতক।