জঙ্গি মামলাও দ্রুত বিচারে: আইনমন্ত্রী
জঙ্গিদের বিচারে নতুন আইনের প্রয়োজন হবে না উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসেবে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করা হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবারে পরিবেশিত খাবার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আনিসুল হক বলেন, “জঙ্গি ও জঙ্গিবাদীদের বিচারের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে। তাদের বিচারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না।
“যারা এসব অপরাধে অপরাধী তাদের দেশে বিদ্যমান আইন যেমন সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড অনুযায়ী বিচার করা হবে। জঙ্গিদের বিচারের ব্যাপারে বিশেষ ব্যবস্থা হিসেবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে।”
কানাডা ও যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “কানাডার আইন অনুসারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে জটিলতা বেশি। তারা আমাদের সাজা কমানোর বিষয়ে বলেছিল। কিন্তু সর্বোচ্চ আদালতের রায় কমানো যায় না বলে আমরা কানাডাকে জানিয়েছি। এখন তাদের সঙ্গে আলোচনা চলছে।”
যুক্তরাষ্ট্রে পলাতক আর এম রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
সচিবালয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আইনি প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর না করা পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব গোলাম সারোয়ারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
