২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকার কদমতলী এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 08:59 AM

Updated : 20 Aug 2022, 01:26 PM

শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে কদমতলীর ওয়াসা পানির ট‌্যাংকের সামনে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বরের ভাষ্য।

নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে র‌্যাব জানিয়েছে। 

জাহাঙ্গীর হোসেন বলেন, ওয়াসার ট‌্যাংকের সামনে ওই খোলা জায়গা মাদক কেনাবেচার জন্য ব্যবহার করে মাদক কারবারিরা। কিছুদিন আগেও সেখান থেকে পুলিশ অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। 

“ভোরের দিকে র‌্যাবের একটি টহল দল ওই স্থানে গেলে সেখানে বস্থানরত ৬-৭ জন মাদক বিক্রেতা গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব পাল্টা গুলি করলে একজনের গায়ে লাগে, বাকিরা পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে র‌্যাব অধিনায়ক জানান। 

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫১০টি ইয়াবা ও ২৪ অ্যাম্পুল প্যাথিডিন উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।