রেল স্টেশনে স্ক্যানার বসানোর সুপারিশ
সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে রেল স্টেশনগুলোয় যাত্রীর ব্যাগ ও শরীর তল্লাশির জন্য স্ক্যানার বসানোর সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার কমিটির বৈঠকে রেলপথকে সম্পূর্ণ নিরাপদ ও যাত্রী চলাচল উপযোগী রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সুপারিশও করা হয় বলে জানিয়েছেন সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।
সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বিষয়টি নিয়ে আগেও আলোচনা করেছে কমিটি। বিমানবন্দরগুলোর মতো নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করেছে। এজন্য লাগেজ ও বডি স্ক্যানার বসানোর জন্য বলা হয়েছে।”
বৈঠকে দ্রুত সুপারিশ বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে বলে জানান রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে ঢাকা ও চট্টগ্রামসহ বাংলাদেশ রেলওয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনে লাগেজ স্ক্যানিং মেশিন ও বডি স্ক্যানার (আর্চওয়ে) বসানো হবে।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলের জায়গায় স্থপিত ঢাকা সিটি করপোরেশনের মার্কেটগুলোর ভাড়া বাবদ বকেয়া অর্থ আদায়ে রেলমন্ত্রীকে সংশ্লিষ্ট মেয়রের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
১৯৮৪ সালে ঢাকা সিটি করপোরেশন বঙ্গবাজারের কাছে রেলের কিছু জমি লিজ নেয়। ওই জমির ভাড়া বাবদ প্রায় ২০ কোটি টাকা পাবে রেলওয়ে।
গত ১৯ মে এ বিষয়ে কমিটির বৈঠকে আলোচনা হয়। ভাড়া বাবদ পাওনা টাকা আদায়ের সুপারিশও করে কমিটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের জমিতে ‘অবৈধ সাব-লেট এবং বিদ্যুৎ সংযোগকারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে সংদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সদস্য মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা এবং ফাতেমা জোহরা রানী অংশ নেন।
