২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্বেও তৌফিক এলাহী

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 12:51 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক আদেশে মন্ত্রী পদমর্যাদায় কর্মরত প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য জাতিসংঘ মিশনে ওই দায়িত্ব দিয়েছে।

তার নতুন পদে যোগ দেওয়ার দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।

সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা তৌফিক এলাহীর জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর ১৯৭১ সালে তিনি তখনকার মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন।

২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে।

একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন সাবেক এই প্রশাসনিক কর্মকর্তা।

মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান।

২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও একই পদে নিয়োগ পান তিনি।

৬৯ বছর বয়সী তৌফিক এলাহী দুই মেয়ের বাবা, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।

পুরনো খবর:

উপদেষ্টা পদে ফিরলেন তৌফিক এলাহী